AB Live News
অবৈধ নির্মীয়মাণ বাড়ির ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু রাজমিস্ত্রির, উত্তপ্ত গোলাবাড়ি

খবর এখন: বাড়ি নির্মাণ করতে গিয়ে প্রাণ হারালেন স্বয়ং রাজমিস্ত্রি! বাড়ির ছাদের থেকে সামান্য উঁচুতেই রয়েছে মৃত্যুজাল ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তার! ওই বাড়ির ছাদে কাজ করার সময়ই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক রাজমিস্ত্রির। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার শাসন থানা এলাকার গোলাবাড়ি এলাকায়। মৃত সাইফুল ইসলাম। ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শাসন থানার পুলিশ। তবে বিক্ষোভ সামাল দিতে পুলিশ প্রশাসনকে রীতিমতো বেগ পেতে হয়েছে।
জানা গিয়েছে, সাইফুল গোলাবাড়ির দাদার মোড় এলাকার একটি বাড়ি নির্মাণের কাজে যুক্ত ছিলেন। স্থানীয়দের অভিযোগ, ওই বাড়িটি ৩৩ হাজার হাইভোল্টেজ বিদ্যুতের তারের ঠিক নিচ দিয়েই তৈরি হচ্ছিল। যা নীতিগত ভাবে বৈধ নয়। সরকারি তরফে এরকম কোনও স্থানে বাড়ি তৈরির অনুমতি দেওয়া হয় না। কিন্তু ওই স্থানে প্রশাসনের অনুমতি ছাড়া দীর্ঘদিন ধরে বাড়ি নির্মাণ হচ্ছিল। সোমবার সকালে ওই বাড়ির ছাদে উঠে কাজ করছিলেন সাইফুল। ঠিক ওই সময়ই ৩৩ হাজার ভোল্টের হাইটেনশান বিদ্যুতের তারে ছোঁয়া লেগে মৃত্যু হয় তাঁর।
মর্মান্তিক এই দুর্ঘটনায় স্থানীয়দের সমস্ত ক্ষোভ গিয়ে পড়েছে ওই বাড়ির মালিকের উপর। তাঁদের দাবি, বাড়ির মালিক রীতিমতো জোর করে সাইফুলকে ছাদে কাজ করতে পাঠায়। তাঁরা আরও দাবি করেন, মালিক টাকা দিয়ে কাজ করাচ্ছে বলে কি যা খুশি তাই করাবে! তাঁদের পক্ষ থেকে অনেকবার প্রশাসনের কাছে বেআইনি বাড়ি নির্মাণের অভিযোগ জানানো হলেও, প্রশাসনের তরফে তেমন কোনও পদক্ষেপ নেয়নি। মৃতের পরিবার দেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখায়। এমনকি পুলিশ দেহ উদ্ধার করতে গেলেও তাদের বাধা দেওয়া হয়। এই ঘটনায় অপরাধীর কড়া শাস্তি এবং যথাযথ আর্থিক সহায়তার দাবি তোলেন বিক্ষোভকারীরা।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

