Khabor Ekhon
কলকাতার ঠিকানায় বদল,ইতিহাসের পাতায় শশাঙ্ক
অজিত ঘোষ: কলকাতার পরিচিত রাস্তা ও মেট্রো স্টেশনগুলির নাম এবার বদলের পথে? শহরের ঐতিহ্যবাহী রাস্তা থেকে শুরু করে একাধিক মেট্রো স্টেশনের নাম পুনর্বিবেচনার উদ্যোগ ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। শুক্রবার কলকাতা পুরসভার সদর দফতরে রাজ্য সরকারের গঠিত রাস্তার নামকরণ সংক্রান্ত কমিটির প্রথম বৈঠকে উঠে এসেছে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব।বৈঠকে বিশেষভাবে আলোচনায় এসেছে কলকাতার ঐতিহাসিক স্ট্র্যান্ড রোডের নাম পরিবর্তনের বিষয়টি। প্রস্তাব অনুযায়ী,এই রাস্তার নতুন নাম হতে পারে ‘সম্রাট শশাঙ্ক সরণি’। প্রাচীন বাংলার গৌড় রাজ্যের প্রথম স্বাধীন ও শক্তিশালী শাসক হিসেবে পরিচিত সম্রাট শশাঙ্কের নামে রাস্তার নামকরণের ভাবনা সামনে এসেছে। বাংলার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে শহরের পরিচিত রাস্তাগুলিকে আরও নিবিড়ভাবে যুক্ত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে।শুধু স্ট্র্যান্ড রোড নয়, নাম পরিবর্তনের আলোচনায় রয়েছে বিশ্ব বাংলা সরণি, লেনিন সরণি এবং হো চি মিন সরণিও। এছাড়া পণ্ডিতিয়া রোড, চৌরঙ্গি রোড, এলিয়ট রোড, রাসবিহারী কানেক্টর এবং পার্ক সার্কাস কানেক্টরের নাম নিয়েও আলোচনা চলছে। পুরনো নামগুলির ঐতিহাসিক প্রেক্ষাপট ও প্রাসঙ্গিকতা খতিয়ে দেখতে কলকাতা পুরসভাকে গবেষণা করে রিপোর্ট জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় জানিয়েছেন, প্রায় ১৬টি রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট নামগুলির ইতিহাস যাচাইয়ের পর পরবর্তী পদক্ষেপ করা হবে। আগামী ৯ ডিসেম্বর কমিটির পরবর্তী বৈঠকে সেই রিপোর্ট নিয়ে আলোচনা হওয়ার কথা। রাস্তার পাশাপাশি কলকাতার মেট্রো স্টেশনগুলির নাম নিয়েও বড়সড় পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। কমিটির বিবেচনায় রয়েছে ১৫টি মেট্রো স্টেশন। নেতাজি ভবন, নেতাজি, মহানায়ক উত্তম কুমার, কবি সুকান্ত, কবি নজরুল, কবি সুভাষ, জ্যোতিরীন্দ্র নন্দী, গৌরকিশোর ঘোষ, বরুণ সেনগুপ্ত, গীতাঞ্জলি, হেমন্ত মুখোপাধ্যায়, মাস্টারদা সূর্য সেন এবং শহিদ ক্ষুদিরামের মতো স্টেশনগুলির নাম রয়েছে আলোচনার তালিকায়। কমিটির বক্তব্য, ব্যক্তিত্বের নামে স্টেশনের নামকরণ থাকায় অনেক সময় যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। সেই সমস্যা এড়াতে সংশ্লিষ্ট এলাকার নাম অনুসারে স্টেশনগুলির নামকরণের প্রস্তাব দেওয়া হতে পারে। পরবর্তী সময়ে এই বিষয়ে মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হবে। কমিটির চেয়ারম্যান কার্তিক মহারাজ জানিয়েছেন, সাধারণ নাগরিকরাও নাম পরিবর্তনের প্রস্তাব দিতে পারবেন। তবে কোনও নাম পরিবর্তনের আগে তার যুক্তি ও ঐতিহাসিক ভিত্তি খতিয়ে দেখা হবে। অর্থাৎ, কলকাতার পরিচিত ঠিকানা ও যাতায়াতের মানচিত্রে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এখনই কোনও নাম পরিবর্তন চূড়ান্ত হয়নি। প্রস্তাব, গবেষণা ও পরবর্তী আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোবে কমিটি।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

