Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

বাংলা ছবির প্রাইম টাইমে আর আপস নয়, হল মালিকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

0 44,400

ইন্দ্রানী দাস :বাংলা সিনেমার অস্তিত্ব রক্ষার লড়াইয়ে এবার সরাসরি হস্তক্ষেপ করল রাজ্য সরকার। প্রেক্ষাগৃহে বাংলা ছবির জায়গা নিয়ে নতুন করে তৈরি হওয়া বিতর্কের কেন্দ্রে থাকা ‘সাধক বামাক্ষ্যাপা’ ছবির পাশে দাঁড়িয়ে কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রযোজকের পছন্দ অনুযায়ী নির্দিষ্ট প্রেক্ষাগৃহে ছবিটি প্রাইম টাইমে দেখানোর ব্যবস্থা করতে হল মালিক, প্রদর্শক ও পরিবেশকদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন তিনি। নিয়ম অমান্য করলে আইনি পদক্ষেপ, এমনকী প্রেক্ষাগৃহের লাইসেন্স বাতিলের মতো কঠোর ব্যবস্থারও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।ঘটনার সূত্রপাত গত ২০ নভেম্বর। ওই দিন মুক্তি পায় পরিচালক সায়ন্তন ঘোষালের ‘সাধক বামাক্ষ্যাপা’। উনিশ শতকের বাংলার সাধক ও তান্ত্রিক ব্যক্তিত্ব বামাক্ষ্যাপার জীবন ও সাধনাকে কেন্দ্র করে নির্মিত এই ছবিতে নামভূমিকায় অভিনয় করেছেন সব্যসাচী চৌধুরী। ছবিতে মা তারার চরিত্রে রয়েছেন পায়েল দে। মুক্তির পর দর্শকদের একাংশের কাছ থেকে ইতিবাচক সাড়া এবং একাধিক শোয়ে হাউসফুল হওয়ার খবর সামনে আসে। কিন্তু এর মধ্যেই আগামী ২৭ নভেম্বর মুক্তির অপেক্ষায় থাকা হিন্দি ছবি ‘ইয়ে পেয়ার মোল লিয়া’র জন্য কয়েকটি প্রেক্ষাগৃহে ‘সাধক বামাক্ষ্যাপা’র শো বন্ধ বা কমিয়ে দেওয়ার পরিকল্পনা ঘিরে বিতর্ক তৈরি হয়।এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হন বাংলা চলচ্চিত্র জগতের একাংশ। তাঁদের প্রশ্ন, দর্শকের আগ্রহ থাকা সত্ত্বেও কেন একটি বাংলা ছবিকে প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি হবে? অন্য ভাষার ছবির মুক্তিতে আপত্তি না থাকলেও বাংলা ছবির ন্যায্য প্রদর্শনের সুযোগ কেন সংকুচিত হবে, সেই প্রশ্নও সামনে আসে।বিতর্কের আবহেই মঙ্গলবার নবান্ন সভাঘরে চলচ্চিত্র জগতের প্রতিনিধি, পরিচালক, প্রযোজক, পরিবেশক ও প্রেক্ষাগৃহ মালিকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি স্পষ্ট করে দেন, প্রতিটি প্রেক্ষাগৃহে বিকেল ৩টে থেকে রাত ৯টার মধ্যে বাংলা ছবির অন্তত একটি প্রাইম টাইম শো রাখার নিয়ম কার্যকর করতে হবে। এই নিয়ম ভাঙলে প্রশাসন কঠোর পদক্ষেপ করবে।শুধু তাৎক্ষণিক সমস্যার সমাধান নয়, বাংলা সিনেমার পরিকাঠামো উন্নয়নেও একাধিক পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী দেড় বছরের মধ্যে রাজ্যে ৫১টি নতুন সিনেমা হল তৈরির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ৫০০টি সিঙ্গল স্ক্রিন প্রেক্ষাগৃহ গড়ে তোলার লক্ষ্যের কথাও জানিয়েছেন তিনি।বাংলা চলচ্চিত্র শিল্পের আর্থিক ক্ষতির বিষয়টিও গুরুত্ব পেয়েছে বৈঠকে। আগামী তিন মাসের মধ্যে কলকাতা পুলিশকে সমীক্ষা চালিয়ে বাংলা ছবির প্রযোজক, পরিবেশক ও প্রেক্ষাগৃহ মালিকদের সম্ভাব্য ক্ষতির হিসাব সংগ্রহ করতে বলা হয়েছে। ক্ষতির প্রমাণ মিললে ভর্তুকি দেওয়া অথবা ক্ষতিপূরণের অন্য কোনও ব্যবস্থা নেওয়া যায় কি না, তা বিবেচনা করবে সরকার।এ বিষয়ে আগামী ৩০ নভেম্বরের মধ্যে একটি কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে। অভিনেতা মিঠুন চক্রবর্তীর নেতৃত্বে প্রস্তাবিত কমিটিতে থাকবেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাংলা চলচ্চিত্র শিল্পের সমস্যা চিহ্নিত করে মুখ্যমন্ত্রীর দফতরে রিপোর্ট জমা দেবে এই কমিটি।।সব মিলিয়ে ‘সাধক বামাক্ষ্যাপা’কে ঘিরে তৈরি হওয়া একটি প্রেক্ষাগৃহ বিতর্ক এখন বাংলা চলচ্চিত্র শিল্পের ভবিষ্যৎ নিয়ে বৃহত্তর আলোচনার দরজা খুলে দিয়েছে। প্রশ্নটা আর শুধু একটি ছবির প্রদর্শন নিয়ে নয়, নিজের ভাষার সিনেমা কি নিজের রাজ্যেই প্রাপ্য জায়গা পাবে? মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে আপাতত সেই লড়াইয়ে নতুন আশার আলো দেখছেন টলিউডের একাংশ। তবে নির্দেশ কতটা কার্যকর হয়, তার উত্তর মিলবে আগামী কয়েক সপ্তাহেই।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper