Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ভোটের আগে বুথ বাড়ানোর তোড়জোড়,বীরভূমে ২৮৯ নতুন বুথের প্রস্তাব

0 117,695

শ্রীতমা ব্যানার্জী :আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহণের পরিকাঠামো আরও মজবুত করতে উদ্যোগী বীরভূম জেলা প্রশাসন। ভোটারদের সুবিধা বাড়ানো এবং ভোটগ্রহণ প্রক্রিয়াকে আরও সুসংগঠিত করতে জেলায় ২৮৯টি নতুন ভোটগ্রহণ কেন্দ্র তৈরির প্রস্তাব পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের কাছে।বীরভূমের ১১টি বিধানসভা কেন্দ্র জুড়েই এই নতুন বুথ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।শুধু নতুন বুথ তৈরি নয়, পাশাপাশি চারটি পুরনো ভোটগ্রহণ কেন্দ্রের অবস্থান পরিবর্তনেরও প্রস্তাব রয়েছে।বর্তমানে বীরভূম জেলায় মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ৩,০৭৬।প্রস্তাবিত পরিকল্পনা নির্বাচন কমিশনের অনুমোদন পেলে সেই সংখ্যা বেড়ে দাঁড়াবে ৩,৩৬৫-তে।নির্বাচনের আগে বুথ পুনর্বিন্যাসের এই উদ্যোগকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল।এই প্রস্তাব নিয়ে ইতিমধ্যেই সিউড়িতে জেলা প্রশাসনের সদর দফতরে একাধিক বৈঠক করেছেন জেলাশাসক ধবল জৈন।বৈঠকে জেলার স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বুথ পুনর্বিন্যাসের খুঁটিনাটি নিয়ে আলোচনা হয়।জেলা নির্বাচনী দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রধান রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা প্রস্তাবিত পরিবর্তনগুলি খতিয়ে দেখে সম্মতি জানিয়েছেন।এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তাবটি কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে পাঠানো হয়। সেখান থেকে তা চূড়ান্ত অনুমোদনের জন্য নির্বাচন কমিশনের কাছে পৌঁছেছে।এখন কমিশনের চূড়ান্ত সবুজ সংকেতের অপেক্ষায় জেলা প্রশাসন।প্রস্তাবিত নতুন বুথের সংখ্যার নিরিখে এগিয়ে রয়েছে লাভপুর। সেখানে ৩৬টি অতিরিক্ত ভোটগ্রহণ কেন্দ্র তৈরির পরিকল্পনা রয়েছে।নলহাটিতে ৩৪টি এবং হাসনে ৩০টি নতুন বুথ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে।সাঁইথিয়া ও রামপুরহাটে ২৮টি করে, বোলপুরে ২১টি এবং ময়ূরেশ্বরে ২০টি অতিরিক্ত বুথের পরিকল্পনা রয়েছে।অন্যদিকে, দুবরাজপুরে ১৯টি নতুন ভোটগ্রহণ কেন্দ্র তৈরির প্রস্তাব করা হয়েছে।প্রশাসনের আশা, নতুন বুথ তৈরি এবং পুরনো কয়েকটি বুথের অবস্থান পরিবর্তনের ফলে ভোটের দিন অতিরিক্ত ভিড় অনেকটাই কমবে।একইসঙ্গে ভোটারদের দীর্ঘ পথ অতিক্রম করে ভোটকেন্দ্রে পৌঁছনোর সমস্যাও কমবে বলে মনে করা হচ্ছে।গণতন্ত্রের উৎসবে প্রত্যেক ভোটারের অংশগ্রহণ নিশ্চিত করতে ভোটগ্রহণ কেন্দ্রের সহজলভ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই বীরভূমে এই বুথ সম্প্রসারণের পরিকল্পনা।তবে প্রশাসনের এই উদ্যোগ বাস্তবায়িত হওয়ার জন্য এখন প্রয়োজন নির্বাচন কমিশনের চূড়ান্ত অনুমোদন।ভোটের আগে বুথ বাড়ানোর এই পরিকল্পনা শেষ পর্যন্ত কতটা স্বস্তি দেয় সাধারণ ভোটারদের, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহল থেকে প্রশাসনের।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper