Khabor Ekhon
অভিষেককে খুনের চক্রান্ত খারিজ করে দিলীপের তোপ, কার অত সময় আছে
শিবনাথ দাস – মধ্যরাতে পথ আটকে জন্মদিন পালনকে ঘিরে কালীঘাটে দফায় দফায় ধুন্ধুমার কাণ্ড বেধে উঠল তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে। ঘটনাকে কেন্দ্র করে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপি নেতৃত্বের দিকে আঙুল তুলে অভিযোগ করেছেন, তাঁকে খুনের গভীর চক্রান্ত চলছে। যদিও এই দাবিকে সপাটে উড়িয়ে দিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের শ্লেষপূর্ণ মন্তব্য, কারও হাতে এত সময় নেই।শুক্রবার মধ্যরাতে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপনকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে কালীঘাট এলাকা। মূল রাস্তা আটকে জমায়েত ও উৎসব পালন করার অভিযোগ তোলে বিজেপি। তা থেকেই বচসা ও হাতাহাতির সূত্রপাত। শনিবার সকাল গড়ালে সেই উত্তেজনা আরও ব্যাপক আকার ধারণ করে। তৃণমূল ও বিজেপি সমর্থকদের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত হয়ে তিনিও প্রবল বিক্ষোভ ও অশান্তির মুখে পড়েন। উত্তেজনার পারদ চড়ে যাওয়ায় মাইক হাতে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাঁকে।এই চরম গোলমালের পর সমাজমাধ্যমে নিজের ক্ষোভ উগরে দেন অভিষেক। তিনি দাবি করেন, শুক্রবার রাত দু’টো নাগাদ তাঁর বাড়ির দরজায় চড়াও হয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে। এমনকি সাদা পোশাকের পুলিশের গায়েও হাত তোলা হয়েছে বলে তিনি ভিডিও প্রকাশ করে দাবি জানান। অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের একযোগে অভিযোগ, পরিকল্পিতভাবে প্রাণনাশের চেষ্টা চালানো হচ্ছে। সাংসদের বক্তব্য, গত ছ’মাসে তাঁর ওপর এই নিয়ে সাতবার হামলা চালানোর চক্রান্ত হল। সম্প্রতি তাঁর জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়াতেই দুষ্কৃতীদের সাহস বাড়ছে বলে অভিযোগ শাসক শিবিরের।পাল্টা আক্রমণ শানিয়ে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, একজন জনপ্রতিনিধির মাঝরাস্তায় পথ আটকে জন্মদিন পালন করা অনুচিত, বদলে কোনও বড় হোটেলে গিয়ে অনুষ্ঠান করা যেত। তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কারণেই এই অশান্তি ঘটেছে বলে দাবি করেন তিনি। খুনের চক্রান্ত প্রসঙ্গে দিলীপবাবুর সাফ জবাব, কাউকে হত্যা করার মতো সময় কারও নেই। রাজনৈতিক জমি হারিয়ে কেবল সাধারণ মানুষের সহানুভূতি কুড়োতেই বিরোধীরা এখন মনগড়া গল্প ফাঁদছে। সব মিলিয়ে এই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র চাপানউতোর শুরু হয়েছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

