Khabor Ekhon
তিন গেমেই হার, লন্ডন ওপেনে থামল ভারতীয় স্কোয়াশ তারকার দৌড়
সঞ্জয় মিত্র : লন্ডন ওপেন স্কোয়াশের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হল ভারতের ভেলাভান সেন্টিলকুমারকে। প্রত্যাশা জাগিয়েও শেষ আটের লড়াইয়ে ফ্রান্সের আমির খালেদ-জুসেলিনের কাছে সরাসরি তিন গেমে পরাজিত হলেন ভারতের এই স্কোয়াশ তারকা। বিশ্ব ক্রমতালিকায় ৪২ নম্বরে থাকা ভেলাভান এই প্রতিযোগিতায় দ্বিতীয় বাছাই হিসেবে খেলতে নেমেছিলেন। অন্যদিকে ফরাসি প্রতিপক্ষ আমিরের বিশ্ব ক্রমতালিকায় অবস্থান ৯৯। ফলে তুলনামূলকভাবে পিছিয়ে থাকা প্রতিপক্ষের কাছে এই হার নিঃসন্দেহে ভারতীয় শিবিরের কাছে বড় ধাক্কা।কোয়ার্টার ফাইনালের ম্যাচে ভেলাভান ১১-১৩, ৬-১১ এবং ৭-১১ গেমে পরাজিত হন। প্রথম গেমে লড়াই করলেও পরের দুই গেমে আর ম্যাচে ফিরতে পারেননি তিনি। ফলে সেমিফাইনালে ওঠার স্বপ্ন অধরাই থেকে গেল ভারতীয় খেলোয়াড়ের।উল্লেখ্য, চলতি মরশুমে দুর্দান্ত ছন্দে ছিলেন ভেলাভান। সম্প্রতি চেক ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি বুদাপেস্ট ওপেনেও খেতাব জিতেছিলেন তিনি। সেই সাফল্যের ধারাবাহিকতা লন্ডনেও বজায় রাখার প্রত্যাশা ছিল। কিন্তু কোয়ার্টার ফাইনালের এই অপ্রত্যাশিত হার তাঁর অভিযান থামিয়ে দিল।লন্ডন ওপেন থেকে বিদায় নিলেও সাম্প্রতিক সাফল্য ভারতীয় স্কোয়াশে ভেলাভানের সম্ভাবনাকে নতুন করে তুলে ধরেছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

