AB Live News
গুয়াহাটির ফ্ল্যাটে নৃশংসতার ছাপ! তরুণীর দেহ উদ্ধার, ফ্রিজে কাটা মাথা, কেন এই পরিণতি?
শ্রীতমা ব্যানার্জী : বিয়ের কয়েক মাসও কাটেনি। তার মধ্যেই এক নববিবাহিতার পরিণতি হল ভয়াবহ। গুয়াহাটির একটি অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হল ২৫ বছরের যুবতী রিয়া তালুকদারের দেহ। শুধু তাই নয়, ঘরের ফ্রিজের ভিতর পলিথিনে মোড়া অবস্থায় উদ্ধার হয়েছে তাঁর কাটা মাথা। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, গত ৬ সেপ্টেম্বর ওই অ্যাপার্টমেন্ট থেকে দুর্গন্ধ পেতে শুরু করেন প্রতিবেশীরা। কয়েক দিন ধরে রিয়া ও তাঁর স্বামীকে দেখাও যাচ্ছিল না। দু’জনের ফোনও বন্ধ ছিল। সন্দেহ বাড়তেই পুলিশকে খবর দেন প্রতিবেশীরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢোকে। তারপরই সামনে আসে ভয়াবহ দৃশ্য। ঘরের ভিতর থেকে রিয়ার দেহ উদ্ধার হয়। দেহে পচন ধরতে শুরু করেছিল। তাঁর আঙুলগুলিও আংশিকভাবে কাটা অবস্থায় ছিল। তল্লাশি চালানোর সময় ফ্রিজের ভিতর পলিথিনে মোড়া অবস্থায় মেলে কাটা মাথাটি। প্রতিবেশীদের দাবি, গত শুক্রবার শেষবার ওই দম্পতিকে দেখা গিয়েছিল। তারপর থেকেই তাঁদের আর কোনও খোঁজ ছিল না। ঘটনার পর রিয়ার স্বামীকে খুঁজতে শুরু করে পুলিশ। তবে ঘটনার পর বড় মোড় আসে রবিবার রাতে। পুলিশের কাছে আত্মসমর্পণ করেন রিয়ার স্বামী। তদন্তকারীরা তাঁর বক্তব্য রেকর্ড করছেন। ঘটনাস্থল থেকে পাওয়া নমুনা ও অন্যান্য প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত খুনের প্রকৃত কারণ স্পষ্ট নয়। কেন এই নৃশংস ঘটনা ঘটল, তার উত্তর খুঁজছে পুলিশ। এই ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছে কি না, সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরই ঘটনার আসল রহস্য আরও স্পষ্ট হবে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

