Khabor Ekhon
বিয়ের প্রতিশ্রুতি, ঘনিষ্ঠ ছবি ফাঁসের অভিযোগ! বেলঘরিয়া থেকে গ্রেফতার টলি অভিনেতা
রাজনন্দিনী ঘোষ :প্রেমের সম্পর্ক থেকেই শুরু। তারপর বিয়ের প্রতিশ্রুতি। আর সেই সম্পর্কের টানাপোড়েন গড়াল থানার দরজা পর্যন্ত। এক টলি অভিনেতার বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক অভিনেত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন এবং তাঁদের ব্যক্তিগত মুহূর্তের ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে বেলঘরিয়া থেকে অভিযুক্ত অভিনেতা শ্যামসুন্দর সাহাকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিনয়ের সূত্রেই ওই তরুণী অভিনেত্রীর সঙ্গে শ্যামসুন্দরের পরিচয়। ধীরে ধীরে তাঁদের মধ্যে বন্ধুত্ব এবং পরে প্রেমের সম্পর্ক তৈরি হয় বলে অভিযোগকারিণীর দাবি। কাজের সূত্রে দু’জনের ঘনিষ্ঠতাও বাড়ে। অভিযোগ, সেই সম্পর্কের সময় শ্যামসুন্দর তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ওই প্রতিশ্রুতির ভিত্তিতেই তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয় বলে অভিযোগ। সেই সময় তাঁদের ব্যক্তিগত মুহূর্তের ছবি তোলা হয়েছিল বলেও অভিযোগ উঠেছে।পরবর্তীতে পরিস্থিতি বদলে যায় বলে অভিযোগ। অভিনেত্রীর দাবি, তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন শ্যামসুন্দর। শুধু তাই নয়, তাঁদের ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি তাঁর পরিচিতদের কাছে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।এরপরই হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই অভিনেত্রী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের পর সোমবার রাতে বেলঘরিয়া থেকে শ্যামসুন্দর সাহাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত অভিনেতা একাধিক বাংলা টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন। আপাতত তাঁকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যের তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। অভিযোগকারী অভিনেত্রীর সঙ্গেও প্রয়োজন অনুযায়ী কথা বলতে পারে পুলিশ। তবে তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অভিযোগের সত্যতা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো হয়নি। ব্যক্তিগত ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগটি তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই খতিয়ে দেখছে পুলিশ।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

