Khabor Ekhon
ভবানীপুরের স্কুলে প্রথম শ্রেণির পড়ুয়ার হাতে সাপের ছোবল
শ্রীতমা ব্যানার্জী ::সকালটা ছিল অন্য দিনের মতোই। স্কুলের চেনা ব্যস্ততা, ছোট ছোট পায়ের ছুটে চলা, আর টিফিনের সময়ের উচ্ছ্বাস। কিন্তু আচমকাই সেই পরিচিত স্কুলচত্বরের বাতাসে ছড়িয়ে পড়ল আতঙ্ক। খেলার ফাঁকে প্রথম শ্রেণির এক পড়ুয়ার ডান হাতে ছোবল বসাল সাপ। মুহূর্তের মধ্যে হাসি-আনন্দ বদলে গেল উৎকণ্ঠা আর ছোটাছুটিতে। সোমবার সকালে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনের প্রাথমিক বিভাগে ঘটে এই ঘটনা। স্কুল সূত্রে জানা গিয়েছে, টিফিনের সময় ওই পড়ুয়ার হাতে সাপ কামড়ায়। শিশুটির বাড়ি টালিগঞ্জে। খবর পাওয়ার পর শিক্ষকরা আর এক মুহূর্ত দেরি না করে তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। স্কুল কর্তৃপক্ষের দাবি, ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই শিশুটিকে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছিল।স্কুল সূত্রে আরও জানা গিয়েছে, প্রাথমিক বিভাগের ক্লাস সাধারণত দোতলা ও তিনতলায় হয়। কিন্তু টিফিনের সময় ছোট পড়ুয়ারা নেমে এসেছিল একতলার জায়গায়। সেই সময়ই সাপের ছোবলের ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।হাসপাতালে চিকিৎসকেরা সাপের কামড়ের বিষয়টি নিশ্চিত করেছেন। শিশুটিকে ভর্তি করে শুরু হয়েছে চিকিৎসা। আপাতত তার অবস্থা স্থিতিশীল বলে স্কুল সূত্রে জানানো হয়েছে।ঘটনার পর স্বাভাবিকভাবেই স্কুলচত্বরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও বন দফতরের কর্মীরা। স্কুলের আশপাশে সাপটির সন্ধান শুরু হয়েছে।একটি টিফিন পিরিয়ড, কয়েক মুহূর্তের অসতর্কতা আর আচমকা বিষের ছোবল—শৈশবের নির্ভার দুপুরে যেন নেমে এল এক অপ্রত্যাশিত অন্ধকার। আপাতত চিকিৎসাধীন খুদে পড়ুয়া। আর তার সুস্থ হয়ে স্কুলে ফেরার অপেক্ষায় উদ্বিগ্ন পরিবার, শিক্ষক এবং সহপাঠীরা। ঘটনাটি ফের সামনে এনে দিল স্কুলচত্বরের নিরাপত্তা এবং সরীসৃপের আনাগোনা রুখতে নিয়মিত নজরদারির প্রয়োজনীয়তার প্রশ্নও।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

