Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

এক দফতর জানে ‘বাড়ি’, অন্য দফতরের লাইসেন্সে ‘হোটেল’! আগুনের পর পুরসভার সমন্বয়হীনতায় বিস্ফোরক তথ্য

0 549,012

রাজনন্দিনী ঘোষ ::এক দফা নয়, বছরের পর বছর আবাসিক ভবনেই চলেছে হোটেল-গেস্ট হাউস! পুরসভার এক দফতরের অনুমোদন আবাসিক হিসেবে, অন্য দফতরের ট্রেড লাইসেন্সে চলছে হোটেল—ফ্রি স্কুল স্ট্রিটের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পরিদর্শনে উঠে এল এমনই বিস্ফোরক ছবি। অধিকাংশ ভবনেই নেই প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ ব্যবস্থা। ফ্রি স্কুল স্ট্রিটের শিখা ইনের ভয়াবহ আগুনে ন’জনের মৃত্যুর পর শহরের হোটেল-গেস্ট হাউসগুলির নিরাপত্তা নিয়ে শুরু হওয়া অডিটে এবার সামনে এল পুরসভার ব্যবস্থার বড়সড় ফাঁক। কলকাতা পুরসভার আধিকারিকদের পরিদর্শনে দেখা যাচ্ছে, একাধিক ভবনের নকশায় এখনও সেগুলি ‘আবাসিক’, অথচ বাস্তবে বছরের পর বছর ধরে সেখানে চলছে হোটেল বা গেস্ট হাউস।সবচেয়ে উদ্বেগের বিষয়, এই ভবনগুলির অনেকগুলিরই হোটেল বা গেস্ট হাউস হিসেবে ব্যবহারের জন্য পুরসভার বিল্ডিং দফতরের কাছ থেকে প্রয়োজনীয় ‘চেঞ্জ অব ইউজ’ অনুমতি নেওয়া হয়নি। অথচ পুরসভারই অন্য একটি দফতর থেকে তাদের নামে রয়েছে ব্যবসায়িক লাইসেন্স। ফলে একই পুরসভার দুই দফতরের অনুমোদনের মধ্যে তৈরি হয়েছে বিস্তর অসঙ্গতি। পুরসভা সূত্রে খবর, আবাসিক ভবনকে হোটেল বা গেস্ট হাউসে বদলাতে গেলে বিল্ডিং দফতরের অনুমতি প্রয়োজন। কারণ বাণিজ্যিক আবাসনের ক্ষেত্রে অগ্নিনিরাপত্তা-সহ একাধিক ব্যবস্থা আবাসিক ভবনের তুলনায় অনেক বেশি কঠোর হওয়া দরকার। কিন্তু পরিদর্শনে দেখা গিয়েছে, বহু জায়গাতেই সেই নিয়ম মানা হয়নি। কোথাও নেই পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা, কোথাও আবার প্রয়োজনীয় নিরাপত্তা পরিকাঠামোরই অভাব। আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ট্রেড লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া নিয়ে। পুরসভার এক আধিকারিকের দাবি, এখন অনলাইনে আবেদনের ভিত্তিতেই ট্রেড লাইসেন্স বা ‘সার্টিফিকেট অব এনলিস্টমেন্ট’ দেওয়া হয়। লাইসেন্স দেওয়ার আগে সংশ্লিষ্ট জায়গায় গিয়ে পরিদর্শনের ব্যবস্থা নেই। ফলে একটি দফতরের নথিতে ভবনটি আবাসিক থাকলেও অন্য দফতরের কাছে সেটিই হয়ে যাচ্ছে হোটেল বা গেস্ট হাউস।রবিবার পর্যন্ত কেন্দ্রীয় কলকাতার ২৫টি হোটেল ও গেস্ট হাউস পরিদর্শন করেছে পুরসভার একটি দল। ওই ২৫টি প্রতিষ্ঠানকেই বন্ধের নোটিস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এক পুরকর্তা। তাঁর কথায়, প্রত্যেকটিরই পুরসভার অনুমোদিত নকশায় ভবনটি আবাসিক হিসেবে দেখানো রয়েছে, অথচ সেখানে চলছে হোটেল বা গেস্ট হাউস। শিখা ইনে আগুনে ন’জনের মৃত্যুর পর কলকাতা পুরসভা, দমকল এবং বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার আধিকারিকদের নিয়ে যৌথ দল গঠন করে শহরের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিদর্শন শুরু হয়েছে। পুরসভা সূত্রে খবর, শহরের প্রায় ৪,০০০টি বাণিজ্যিক প্রতিষ্ঠান—মার্কেন্টাইল বিল্ডিং থেকে শুরু করে বিভিন্ন জনসমাগমস্থল—পর্যায়ক্রমে অডিটের আওতায় আসতে পারে।এদিকে, শিখা ইনের মালিক বীরেশ্বর মিত্রকে রবিবার আদালতে তোলা হলে তাঁকে ১২ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃতভাবে মৃত্যুর কারণ হওয়ার অভিযোগে মামলা হয়েছে। ফ্রি স্কুল স্ট্রিটের আগুন শুধু একটি হোটেলের অগ্নিকাণ্ড নয়, শহরের নিরাপত্তা ব্যবস্থার ভিতরে থাকা একাধিক প্রশ্নও সামনে এনে দিয়েছে। কাগজে আবাসিক, বাস্তবে হোটেল—এমন কত ভবন এখনও কলকাতার বুকেই চলছে, এবার সেই হিসেবই খুঁজছে প্রশাসন।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper