Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

বড় ব্র্যান্ডে বড় ধাক্কা! খাদ্য নিরাপত্তা দফতরের কড়া নজরে একের পর এক সংস্থা

0 5,895,475

শ্রীতমা ব্যানার্জী :ভুল তথ্য, বিভ্রান্তিকর বিজ্ঞাপন এবং পণ্যের গায়ে সঠিক তথ্য না দেওয়ার অভিযোগে দেশের একাধিক নামী খাদ্য ও পানীয় প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা। সাম্প্রতিক কয়েক মাসে বিভিন্ন সংস্থাকে মিলিয়ে ১৫০টিরও বেশি নোটিস পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। শনিবার সামাজিক মাধ্যমে একটি বিবৃতি দিয়ে এই অভিযানের কথা জানায় নিয়ন্ত্রক সংস্থা। সেখানে বলা হয়েছে, খাদ্য সংক্রান্ত আইন ও বিধি লঙ্ঘনের অভিযোগে একাধিক বড় সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগগুলির মধ্যে রয়েছে বিভ্রান্তিকর বিজ্ঞাপন, পণ্যের বিষয়ে অসত্য বা বিভ্রান্তিকর দাবি এবং মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকার মতো বিষয়। শুধু খাদ্য ও পানীয় প্রস্তুতকারক সংস্থাই নয়, শক্তিবর্ধক পানীয় এবং মদ প্রস্তুতকারক সংস্থাগুলির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। বেশ কিছু সংস্থার পণ্য বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। অনলাইন কেনাকাটার ক্ষেত্রেও নজরদারি বাড়ানো হয়েছে। দুই বড় অনলাইন বিপণন সংস্থাকে মোট ১২টি নোটিস পাঠানো হয়েছে। এর পাশাপাশি একটি সংস্থার একটি গুদামের খাদ্য সংক্রান্ত অনুমতিও বাতিল করা হয়েছে। রেস্তরাঁ ও খাদ্য পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিও এই অভিযানের বাইরে নেই। বিভিন্ন নামী রেস্তরাঁ ও খাদ্য পরিষেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩০টিরও বেশি নোটিস জারি করা হয়েছে। একটি জনপ্রিয় খাদ্য সরবরাহকারী সংস্থার পাঁচটি অনুমতিপত্রও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে দেশের একাধিক পাঁচতারা হোটেলের বিরুদ্ধেও নোটিস জারি করেছিল খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা। সাম্প্রতিক অভিযানের জেরে ইতিমধ্যেই বেশ কিছু সংস্থা সংশোধনমূলক পদক্ষেপ নিতে শুরু করেছে বলেও জানানো হয়েছে। খাদ্যপণ্যের মান, সঠিক তথ্য এবং গ্রাহকদের স্বার্থ রক্ষায় আগামী দিনেও এই ধরনের নজরদারি ও কড়া পদক্ষেপ চালিয়ে যাওয়া হবে বলে স্পষ্ট করেছে নিয়ন্ত্রক সংস্থা।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper