Khabor Ekhon
কেন্দ্র কলকাতায় অগ্নিসুরক্ষার ‘রেড অ্যালার্ট’! ২৫ হোটেল-রেস্তোরাঁয় পুরসভার কড়া পদক্ষেপ
শ্রীতমা ব্যানার্জী ::অগ্নিনিরাপত্তার নিয়ম মানায় গাফিলতির অভিযোগে কেন্দ্র কলকাতার ২৫টি হোটেল ও রেস্তোরাঁকে শোকজ নোটিস পাঠাল কলকাতা পুরসভা। একাধিকবার সতর্ক করার পরও প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না নেওয়ায় কেন ওই প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। পুরসভা জানিয়েছে, এই প্রতিষ্ঠানগুলিতে অগ্নিকাণ্ডের ঝুঁকি থাকায় অতিথি ও কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। গত বুধবার কেন্দ্র কলকাতার একটি পাঁচতলা ভবনে ভয়াবহ আগুন লাগে। ভবনটিতে একাধিক ছোট ও ঘিঞ্জি হোটেল ছিল। সেই ঘটনায় মৃত্যু হয় ৯ জনের। ঘটনার পরই রাজ্যজুড়ে বিভিন্ন ভবনের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ দেয় রাজ্য সরকার।পুরসভার আধিকারিকরা জানিয়েছেন, শোকজ করা প্রতিষ্ঠানগুলিকে নিজেদের বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হবে। সংশ্লিষ্ট ডিভিশনাল ফায়ার অফিসারদের উপস্থিতিতে শুনানির পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অগ্নিনিরাপত্তা বিধি না মানার অভিযোগে শুক্রবারই কেন্দ্র কলকাতার ১৩টি প্রতিষ্ঠান খালি করে দেওয়া হয়। এর আগে ২১ অগস্ট আরও ১৬টি প্রতিষ্ঠানকে খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকর করা হয়েছে এবং শুনানিতে কী উঠে আসছে, তার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন পুরসভা কর্তৃপক্ষ। এদিকে, প্রতিটি বরোর জন্য একটি করে পরিদর্শন দল গঠন করেছে কলকাতা পুরসভা। শহরের হোটেলগুলিতে অগ্নিনিরাপত্তার ব্যবস্থা ঠিকঠাক রয়েছে কি না, তা খতিয়ে দেখবে এই দলগুলি। কেন্দ্র কলকাতার ফ্রি স্কুল স্ট্রিট ও মার্কুইস স্ট্রিট এলাকার বন্ধ করে দেওয়া কয়েকটি হোটেল পরিদর্শন করেন নগরোন্নয়ন ও পুর ও নগর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট জানিয়ে দেন, অগ্নিনিরাপত্তার নিয়ম মানা না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

