Khabor Ekhon
‘গেট আমরা বন্ধ করিনি’—দাবি বিক্ষোভকারীদের, এফআইআরে উল্টো অভিযোগ পুলিশের
শ্রীতমা ব্যানার্জী : স্বাধীনতা দিবসের ভোরে এন্টালি থানার সামনে বিক্ষোভকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য। পুলিশের দায়ের করা এফআইআরে এবার স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, বিক্ষোভকারীদের একাংশ থানার মূল প্রবেশদ্বার তালাবন্ধ করে দিয়েছিলেন। এর ফলে থানায় পুলিশকর্মীদের যাতায়াতে বাধা তৈরি হয় বলে অভিযোগ। এর আগে অবশ্য পুলিশ গেট তালাবন্ধের বিষয়টি অস্বীকার করেছিল।
পুলিশের অভিযোগ অনুযায়ী, শনিবার ভোর সাড়ে ৩টের আগে পদ্মপুকুর ময়দানে দুর্গাপুজোর খুঁটিপুজোর জন্য বসানো খুঁটি সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে কয়েকজন জড়ো হন। পরে তাঁরা এন্টালি থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখান। এফআইআরে নাম রয়েছে সুদীপ রাম, দিলীপ রাম-সহ আরও কয়েকজনের।
এন্টালি থানার সাব-ইন্সপেক্টর প্রসেনজিৎ পালের অভিযোগ, বিক্ষোভকারীরা বেআইনিভাবে থানার সামনে জমায়েত করে মূল প্রবেশদ্বার তালা-চাবি দিয়ে বন্ধ করে দেন। পুলিশকর্মীদের কাজে বাধা দেওয়ার পাশাপাশি অশালীন ভাষায় কথা বলা এবং হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। কয়েকজনকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে তাঁরা চাপ সৃষ্টি করছিলেন বলে এফআইআরে উল্লেখ করা হয়েছে। পুলিশের দাবি, বারবার অনুরোধ করা সত্ত্বেও বিক্ষোভকারীরা সরে যাননি। পরে অতিরিক্ত বাহিনী এসে তাঁদের সরিয়ে দেয়। ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ১৮৯(১), ১৮৯(২), ১৯০, ২২১, ২২৪ এবং ৩৫২ ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
তবে দিলীপ-সুদীপ গোষ্ঠীর পাল্টা দাবি, বিক্ষোভকারীরা থানার গেট তালাবন্ধ করেননি। তাঁদের অভিযোগ, পুলিশই গেট বন্ধ করে দিয়েছিল।
অন্যদিকে, পদ্মপুকুর ময়দানে দুর্গাপুজোর খুঁটি উপড়ে ফেলার অভিযোগেও পৃথক মামলা দায়ের করেছে এন্টালি থানার পুলিশ। হিন্দু সেবা দলের সদস্য অজয় শ-এর অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগ, রাত ১২টা ৫৫ মিনিট নাগাদ পুজোর জন্য বসানো খুঁটি উপড়ে ফেলা হয়।এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার ৩২৪ এবং ৩(৫) ধারায় মামলা হয়েছে। দুই ঘটনাতেই তদন্ত শুরু করেছে পুলিশ। লালবাজার সূত্রে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

