Khabor Ekhon
টাটার জামশেদপুর এবার চার্চিলের! দাম মাত্র ১০০ টাকা
সঞ্জয় মিত্র : ভারতীয় ফুটবলে বড়সড় পরিবর্তন। মাত্র ১০০ টাকার বিনিময়ে জামশেদপুর এফসির মালিকানা চার্চিল ব্রাদার্সের হাতে তুলে দিল টাটা স্টিল। এর ফলে এক দশকেরও বেশি সময় ধরে জামশেদপুর এফসির সঙ্গে থাকা টাটা স্টিলের মালিকানা অধ্যায়ের অবসান হতে চলেছে। ১৪ আগস্ট টাটা স্টিলের কমিটি অফ ডিরেক্টরস জামশেদপুর ফুটবল অ্যান্ড স্পোর্টিং প্রাইভেট লিমিটেডের প্রায় ৪.০৮ কোটি শেয়ার হস্তান্তরের অনুমোদন দিয়েছে। একই দিনে সই হয়েছে শেয়ার পারচেজ অ্যাগ্রিমেন্টও। এআই এফএফ এর -এর অনুমোদন-সহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলে আগামী ১৫ দিনের মধ্যে হস্তান্তর সম্পূর্ণ হওয়ার কথা। এই চুক্তির আওতায় জামশেদপুর এফসির আইএসএল স্পোর্টিং লাইসেন্স, ১২ জন ফুটবলারের চুক্তি এবং দুই কোচের চুক্তিও চার্চিল ব্রাদার্সের হাতে যেতে পারে। এ আই এফএফ কে ইতিমধ্যেই লাইসেন্স অধিগ্রহণের কথা জানিয়েছে গোয়ার ঐতিহ্যবাহী ক্লাবটি। এর আগে চলতি মাসেই আইএসএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় টাটা স্টিল। সংস্থার দাবি, পেশাদার ফুটবল থেকে সরে গিয়ে এবার তারা গ্রাসরুট ও যুব ফুটবল উন্নয়নে বেশি গুরুত্ব দিতে চায়। টাটা ফুটবল অ্যাকাডেমি ও ক্রীড়া পরিকাঠামোতে সমর্থনও বজায় রাখবে সংস্থা। এদিকে চার্চিল ব্রাদার্সের আইএসএল -এ ফেরার পথও ছিল বেশ নাটকীয়। ২০২৪-২৫ আই-লিগে প্রথমে চ্যাম্পিয়ন হলেও পরে ইন্টার কাশীর আপত্তির পর বিষয়টি CAS পর্যন্ত গড়ায়। CAS-এর রায়ে ইন্টার কাশী চ্যাম্পিয়ন হয় এবং চার্চিলের সরাসরি আইএসএল -এ ওঠার সুযোগ নষ্ট হয়।
এবার জামশেদপুরের লাইসেন্স হাতবদল হলে চার্চিল ব্রাদার্সই আইএসএল -এ জামশেদপুর এফসির জায়গা নিতে পারে—তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে এআই এফএফ এর অনুমোদনের উপর।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

