Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

কলকাতার সরকারি স্কুলে অসুস্থ আরও ৪ ছাত্রী, ভর্তি আরজি কর হাসপাতালে! সংক্রমণ নাকি আতঙ্ক—জোর তদন্ত

0 34,678,262

শ্রীতমা ব্যানার্জী : ফের অসুস্থ কলকাতার পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের আরও চার ছাত্রী। মঙ্গলবার তাঁদের আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শিশু বিভাগে ভর্তি করা হয়েছে। জ্বর, বমি, মাথাব্যথা, পেটে ব্যথা এবং মাথা ঘোরার মতো উপসর্গ রয়েছে তাঁদের। এর আগে সোমবার একই স্কুলের ২৪ জন ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল।

স্কুলের দেশবন্ধু পার্কের কাছের হস্টেলেই থাকেন ছাত্রীরা। সোমবার সন্ধ্যায় হস্টেলে ফেরার পর একের পর এক ছাত্রী অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে ২৪ জনকে আরজি কর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল সূত্রে খবর, তাঁদের মধ্যে ২১ জনকে মঙ্গলবারই ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি তিনজনকে জ্বর থাকায় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মঙ্গলবার ভর্তি হওয়া চার ছাত্রীর ক্ষেত্রেও একই ধরনের উপসর্গ দেখা দিয়েছে। ঠিক কী কারণে এতজন ছাত্রী একই সময়ে অসুস্থ হয়ে পড়লেন, তা খতিয়ে দেখছেন চিকিৎসক ও স্বাস্থ্য আধিকারিকরা।

রক্ত পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছেন চিকিৎসকরা। সংক্রমণজনিত কারণে জ্বর হয়েছে কি না, রিপোর্ট হাতে এলে সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে হাসপাতাল সূত্রে খবর।

মঙ্গলবার সকালে আরজি কর হাসপাতালে যান রাজ্য স্বাস্থ্য দফতরের জনস্বাস্থ্য বিভাগের জয়েন্ট ডিরেক্টর দেবাশিস রায়ের নেতৃত্বাধীন একটি দল। তাঁরা চিকিৎসাধীন ছাত্রীদের সঙ্গে কথা বলার পাশাপাশি চিকিৎসকদের কাছ থেকেও পরিস্থিতির খোঁজ নেন। হাসপাতালে যায় ICMR-NIRBI-এর একটি দলও।

দেবাশিস রায় জানান, রোগীদের দেখে এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে, বেশ কিছু ক্ষেত্রে প্যানিক অ্যাটাক বা আতঙ্কজনিত প্রতিক্রিয়াও অসুস্থতার কারণ হতে পারে। তবে এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে চাইছে না স্বাস্থ্য দফতর।

হস্টেলের খাবার বা জল থেকে কোনও সমস্যা হয়েছে কি না, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার আগে খাবার বা জলকে দায়ী করা ঠিক হবে না বলেই জানিয়েছেন স্বাস্থ্য আধিকারিকরা।

প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা করা হলেও, চিকিৎসকদের একাংশের মতে, ছাত্রীদের যে উপসর্গগুলি দেখা যাচ্ছে, তা খাদ্যে বিষক্রিয়ার ক্ষেত্রে সাধারণত যে ধরনের লক্ষণ দেখা যায়, তার সঙ্গে পুরোপুরি মেলে না। পাশাপাশি বেশ কয়েকজন ছাত্রীর মধ্যে ভয় বা আতঙ্কের লক্ষণও লক্ষ্য করেছেন চিকিৎসকরা।

এদিকে, সোমবার রাতেই আরজি কর হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন ছাত্রীদের পরিস্থিতির খোঁজ নেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শরদ্বত মুখোপাধ্যায়।

স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, সব ছাত্রীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে একই সময়ে এতজন ছাত্রী কেন অসুস্থ হয়ে পড়লেন, তার প্রকৃত কারণ জানতে তদন্ত ও প্রয়োজনীয় পরীক্ষা চালানো হচ্ছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper