Khabor Ekhon
বুধবার থেকেই ‘বিগ রেইন অ্যাটাক’! নিম্নচাপের প্রভাবে বিপর্যস্ত হতে পারে দক্ষিণবঙ্গ
রাজনন্দিনী ঘোষ :ফের সক্রিয় বর্ষার প্রভাব। বুধবার, ১২ আগস্ট থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়তে পারে বৃষ্টির দাপট। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়াও হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে মৌসুমি অক্ষরেখা বিকানির থেকে মধ্য ভারত, ডালটনগঞ্জ হয়ে দীঘা পর্যন্ত বিস্তৃত। আগামী দিনে এই অক্ষরেখা দক্ষিণ-পূর্ব দিকে সরে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের দিকে অবস্থান পরিবর্তন করতে পারে। এর পাশাপাশি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি উচ্চবায়ু ঘূর্ণাবর্তও সক্রিয় রয়েছে।
এই ঘূর্ণাবর্তের প্রভাবে ১২ আগস্ট নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সপ্তাহের মাঝামাঝি থেকেই দক্ষিণবঙ্গে বর্ষার প্রভাব আরও স্পষ্ট হতে পারে।
কোন কোন জেলায় ভারী বৃষ্টি?
প্রাথমিকভাবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম ভারী বৃষ্টির সম্ভাবনায় এগিয়ে রয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং ঘণ্টায় প্রায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সপ্তাহের পরের দিকে হাওড়াতেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অন্যদিকে কলকাতা, হুগলি এবং সংলগ্ন কলকাতা মহানগর এলাকায় তুলনামূলকভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাই বেশি।
উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ১২ থেকে ১৬ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও আপাতত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গের কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনাও বাড়তে পারে।
সব মিলিয়ে, বুধবার থেকে দক্ষিণবঙ্গে বর্ষার দাপট বাড়ার সম্ভাবনা। বঙ্গোপসাগরে সম্ভাব্য নিম্নচাপ তৈরি হলে তার প্রভাব আগামী কয়েক দিনে আরও স্পষ্ট হতে পারে। তাই ভারী বৃষ্টির সম্ভাবনাযুক্ত জেলাগুলিতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

