Khabor Ekhon
ছাগল চরাতে গিয়ে নাবালিকার সর্বনাশ!
শ্রীতমা ব্যানার্জী : উত্তরপ্রদেশের বেরিলির নবাবগঞ্জ এলাকায় ছাগল চরাতে গিয়ে ভয়াবহ নির্যাতনের শিকার হল অষ্টম শ্রেণির ১৪ বছরের এক নাবালিকা। অভিযোগ, রবিবার সন্ধ্যায় দুই যুবক তাকে জোর করে আখখেতে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় ওই নাবালিকার সঙ্গে এলাকারই আট বছরের এক বালক ছিল। অভিযোগ, সেই সময় বিমলেশ নামে এক যুবক তার এক সঙ্গীকে নিয়ে সেখানে আসে। এরপর দু’জনে মিলে নাবালিকাকে জোর করে পাশের আখখেতের ভিতরে নিয়ে যায়। সেখানে তার উপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।
পুরো ঘটনাটি নিজের চোখে দেখে ফেলেছিল ওই আট বছরের বালক। আতঙ্কে সে ঘটনাস্থল থেকে দৌড়ে প্রায় আধ কিলোমিটার দূরে চলে যায়। সেখানে নাবালিকার মা ঘাস কাটছিলেন। বালকটি তাঁকে বিষয়টি জানালে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। কিন্তু ততক্ষণে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়।
পরে পরিবারের কাছে ঘটনার কথা জানায় নাবালিকা। তাঁর মায়ের অভিযোগের ভিত্তিতে নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার (BNS) সংশ্লিষ্ট ধারার পাশাপাশি পকসো (POCSO) আইনের অধীনেও মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নাবালিকার বয়ান রেকর্ড করার পর তাকে জেলা হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে তিনটি পুলিশ দল এবং স্পেশাল অপারেশনস গ্রুপ (SOG)-কে নামানো হয়েছে।
পুলিশের দাবি, অভিযুক্ত বিমলেশের পরিচয় নিশ্চিত করা গেলেও দ্বিতীয় অভিযুক্তের পরিচয় এখনও জানা যায়নি। নাবালিকার বয়ানের ভিত্তিতে তার পরিচয় জানার চেষ্টা চলছে। মঙ্গলবার দিনভর এলাকায় তল্লাশি চালানো হলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেরিলির সিনিয়র পুলিশ আধিকারিকরাও। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার পর গ্রামে উত্তেজনা তৈরি হওয়ায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ স্থানীয় বাসিন্দাদের গুজবে কান না দেওয়ার এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানিয়েছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

