Khabor Ekhon
নেতাজির শ্রদ্ধামঞ্চেই মমতাকে নিশানা! ‘চোর চোর’ স্লোগানে উত্তাল শ্যামবাজার
শ্রীতমা ব্যানার্জী : নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে তৃণমূলের কর্মসূচি। আর সেই কর্মসূচিতেই ‘চোর চোর’ স্লোগানে উত্তপ্ত হল কলকাতা। মঙ্গলবার উত্তর কলকাতার শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে লক্ষ্য করে একদল মানুষ ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। কিছুক্ষণের জন্য ব্যাহত হয় কর্মসূচি।
এদিন শ্যামবাজারের কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ছিল স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর ছবি। নেতাজির মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। মূলত বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায়ের নেতাজিকে নিয়ে মন্তব্যের প্রতিবাদেই এই কর্মসূচির আয়োজন করেছিল তৃণমূল।
সম্প্রতি নেতাজি সম্পর্কে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায়, যিনি ‘অনন্ত মহারাজ’ নামেও পরিচিত। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নেতাজিকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে উল্লেখ করার পাশাপাশি তাঁর নেতৃত্ব এবং আজাদ হিন্দ ফৌজের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
তবে নগেন্দ্র রায়ের মন্তব্য থেকে নিজেদের দূরত্ব স্পষ্ট করেছে বঙ্গ বিজেপি। দলের তরফে জানানো হয়েছে, ওই মন্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত এবং দলের বক্তব্য বা অবস্থানের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই।
অন্যদিকে, এই মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূল নেতাজির উত্তরাধিকার ও বাংলার জাতীয়তাবাদী আবেগকে সামনে আনতে শুরু করেছে। মমতাও এদিন বক্তব্যে স্বাধীনতা আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রসঙ্গ তুলে ধরেন। তাঁর দাবি, তৃণমূল শুধুমাত্র ‘দেখানোর জন্য’ অনুষ্ঠান করে না, বরং স্বাধীনতা সংগ্রামীদের হৃদয় থেকে সম্মান জানায়।
তবে নেতাজিকে ঘিরে কর্মসূচির মাঝেই মমতাকে লক্ষ্য করে ওঠে ‘চোর চোর’ স্লোগান। তৃণমূলের অভিযোগ, বিজেপির মদতে পরিকল্পিতভাবেই এই গোলমাল তৈরি করা হয়েছে। উদ্দেশ্য ছিল তৃণমূলের কর্মসূচি ভেস্তে দেওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা।
যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। গেরুয়া শিবিরের বক্তব্য, এই ধরনের প্রতিবাদ আসলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ।
শ্যামবাজারের ঘটনা এমন সময় ঘটল, যখন মাত্র দু’দিন আগেই হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় ঘিরে বিক্ষোভ হয়েছিল। সেখানে ‘চোর’ স্লোগানের পাশাপাশি তাঁর গাড়ির দিকে কাদা ও চটি ছোড়ার অভিযোগও উঠেছিল। পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে কনভয়কে সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়।
হালিশহরের ঘটনার পর বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও দলের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছিলেন। বরং তাঁর দাবি ছিল, ঘটনাটি মানুষের ‘তীব্র ক্ষোভ’-এর প্রতিফলন। এমনকি মমতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাঁকে ‘চোর’ স্লোগান শুনতে হবে বলেও মন্তব্য করেছিলেন তিনি।
পরপর দু’টি ঘটনায় একই ধরনের স্লোগান ঘিরে এখন নতুন করে সরগরম রাজ্য রাজনীতি। একদিকে নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে বিজেপিকে আক্রমণ করছে তৃণমূল, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা ‘চোর’ স্লোগানকে জনরোষের বহিঃপ্রকাশ হিসেবে তুলে ধরতে চাইছে বিজেপি।
নেতাজির আবেগ, রাজনৈতিক সংঘাত এবং মমতাকে ঘিরে বিক্ষোভ—সব মিলিয়ে মঙ্গলবারের শ্যামবাজারের কর্মসূচি কার্যত পরিণত হল নতুন রাজনৈতিক তরজার মঞ্চে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

