AB Live News
গুন্ডা বিল বিতর্কে বড় সিদ্ধান্ত, ‘প্রিম্যাচিউর’ বলে মামলা খারিজ
শ্রীতমা ব্যানার্জী : পশ্চিমবঙ্গের প্রস্তাবিত ‘গুন্ডা নিয়ন্ত্রণ বিল’কে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা (PIL) বৃহস্পতিবার খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, বিলটি এখনও আইন হিসেবে কার্যকর হয়নি। ফলে এই পর্যায়ে তার সাংবিধানিক বৈধতা নিয়ে বিচার করা সম্ভব নয়।
অ্যাক্টিং চিফ জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, সংশ্লিষ্ট বিলটি এখনও সরকারি গেজেটে বিজ্ঞাপিত হয়নি। তাই এটি এখনও আইনে পরিণত হয়নি এবং কার্যকরও হয়নি।
আবেদনকারীর আইনজীবী আদালতে দাবি করেন, বিলের একাধিক বিধান সংবিধানের পরিপন্থী এবং তা নাগরিকদের মৌলিক অধিকারের ওপর প্রভাব ফেলতে পারে। তাঁর বক্তব্য, বিলটি কার্যকর হলে প্রশাসনের হাতে অতিরিক্ত ক্ষমতা চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তবে আদালত জানিয়ে দেয়, যে আইন এখনও কার্যকরই হয়নি, তার সাংবিধানিক বৈধতা নিয়ে এই মুহূর্তে রায় দেওয়ার সুযোগ নেই। সেই কারণেই জনস্বার্থ মামলাটিকে ‘অকালপক্ব’ (Premature) বলে খারিজ করা হয়।
একই সঙ্গে আদালত স্পষ্ট করে দেয়, ভবিষ্যতে বিলটি আইন হিসেবে কার্যকর হওয়ার পর প্রয়োজনে আবেদনকারীরা নতুন করে আইনি চ্যালেঞ্জ জানাতে পারবেন। ফলে এই রায়ে মামলার পথ আপাতত বন্ধ হলেও, ভবিষ্যতের জন্য আইনি সম্ভাবনা খোলা থাকল।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

