Khabor Ekhon
প্রধানমন্ত্রীর ভিডিও সরিয়েই চাপে মেটা, পরে ক্ষমা চেয়ে পুনরুদ্ধার
রাজনন্দিনী ঘোষ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক ভিডিও ভারতে সাময়িকভাবে ব্লক হয়ে যাওয়াকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনার পর প্রযুক্তিগত ত্রুটির কথা স্বীকার করে সরকারের কাছে দুঃখপ্রকাশ করেছে মেটা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ভুলবশত ভিডিওটি সরিয়ে ফেলা হয়েছিল এবং পরে তা পুনরায় চালু করা হয়েছে।
মেটার এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, “প্রযুক্তিগত ত্রুটির কারণে ভিডিওটি ভুলবশত সরিয়ে ফেলা হয়েছিল। বিষয়টি চিহ্নিত হওয়ার পর দ্রুত ভিডিওটি পুনরুদ্ধার করা হয়েছে।”
তবে বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, শুধু মেটার ব্যাখ্যাই নয়, কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটল, তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে মেটার প্রতিনিধি ও সংশ্লিষ্ট আধিকারিকদের তলব করে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হতে পারে।
সংবাদ সংস্থা আইএএনএস-এর প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রীর ভিডিও সাময়িকভাবে ব্লক হওয়ার ঘটনায় মেটা ও ইনস্টাগ্রামের শীর্ষ কর্তাদের তলব করেছে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক (MeitY)।
উল্লেখ্য, গত ২৩ জুলাই আপলোড করা ওই ভিডিওতে ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে জেন-জি প্রজন্মের উদ্দেশে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি পরীক্ষার প্রশ্নফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
প্রধানমন্ত্রী জানান, প্রশ্নফাঁসের মতো অপরাধ দমনে আরও কঠোর আইন আনার প্রস্তুতি চলছে। পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এই সংক্রান্ত একটি খসড়া বিল কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের জন্য পেশ করা হবে, পরে তা সংসদে উত্থাপন করা হবে।
এছাড়াও প্রধানমন্ত্রী দাবি করেন, সরকারের উদ্যোগে প্রায় ২২ লক্ষ শিক্ষার্থীর শিক্ষাবর্ষ যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, “দেশের যুবসমাজের ভবিষ্যৎ ও কল্যাণের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না।”
ভিডিওটি পুনরুদ্ধারের আগে ভারতে ফেসবুক ব্যবহারকারীদের কাছে একটি বার্তা দেখানো হচ্ছিল, যেখানে বলা হয়েছিল, আইনি অনুরোধের ভিত্তিতে ওই ভিডিওটি সংশ্লিষ্ট অঞ্চলে সাময়িকভাবে আটকে রাখা হয়েছে।
উল্লেখ্য, ভিডিওটি সরিয়ে নেওয়ার আগে লক্ষ লক্ষ মানুষ সেটি দেখেছিলেন। মঙ্গলবার ভোরের দিকে হঠাৎই ভিডিওটি ফেসবুকে অদৃশ্য হয়ে যায়। পরে মেটা প্রযুক্তিগত ত্রুটির কথা জানিয়ে সেটি পুনরায় প্রকাশ করে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

