Khabor Ekhon
আসছে দুর্যোগের সপ্তাহ? ২২ জুলাই থেকে বাড়বে বৃষ্টি।”
রাজনন্দিনী ঘোষ :আগামী কয়েক দিন কলকাতাবাসীকে সঙ্গ দেবে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৫ জুলাই পর্যন্ত শহরে প্রায় প্রতিদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২২ জুলাই থেকে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
রবিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি দফায় দফায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।
সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯৫ শতাংশে পৌঁছনোয় ভ্যাপসা গরমে অস্বস্তিও বজায় রয়েছে।
রবিবার কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সতর্কবার্তায় বলা হয়েছে, হালকা থেকে মাঝারি বজ্রঝড়, বজ্রপাত এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
আবহাওয়া দফতরের সাত দিনের পূর্বাভাস অনুযায়ী, ২১ জুলাই পর্যন্ত কলকাতার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। তবে ২২ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত শহর ও সংলগ্ন এলাকায় অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার আশঙ্কাও রয়েছে।
এখনও কলকাতার জন্য ভারী বৃষ্টির কোনও সতর্কতা জারি না হলেও, সপ্তাহের দ্বিতীয়ার্ধে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই প্রয়োজন ছাড়া খোলা জায়গায় না থাকা, বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে যাওয়া এবং আবহাওয়ার সর্বশেষ আপডেটের দিকে নজর রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

