Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ত্রাণসামগ্রী উদ্ধারে তোলপাড় নবদ্বীপ, জিজ্ঞাসাবাদের জন্য আটক পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহা

0 709,543,301

রমিত সরকার (নবদ্বীপ): ত্রাণসামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার মধ্য রাত থেকে উত্তপ্ত হয়ে ওঠে নবদ্বীপ। নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা বিমানকৃষ্ণ সাহার বাড়ির পাশের একটি ক্লাবঘর থেকে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী উদ্ধারের পর তাঁকে আটক করে পুলিশ। এরপর তাঁকে থানায় নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হয়। অভিযোগ, তাঁকে লক্ষ্য করে জুতো ও জলের বোতলও ছোড়া হয়।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত প্রায় ১০টা নাগাদ নবদ্বীপ পুরসভার অন্তর্গত বড়ালঘাট স্পোর্টিং ক্লাবে তল্লাশি চালানো হয়। সেই তল্লাশিতে উদ্ধার হয় বিপুল পরিমাণ ত্রিপল, ত্রাণের শাড়ি-সহ বিভিন্ন সামগ্রী। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, ক্লাবঘরে দীর্ঘদিন ধরে ত্রাণসামগ্রী মজুত করে রাখা হয়েছে বলে তাঁদের কাছে খবর ছিল। সেই তথ্যের ভিত্তিতেই পুলিশকে বিষয়টি জানানো হয়।

 

এরপর রাতেই নবদ্বীপ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী বিমানকৃষ্ণ সাহার বাড়িতে পৌঁছয়। দীর্ঘ তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর শনিবার ভোররাত প্রায় ৩টা ৪০ মিনিট নাগাদ তাঁকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রের খবর, উদ্ধার হওয়া ত্রাণসামগ্রীর উৎস, সেগুলি কেন মজুত রাখা হয়েছিল এবং কার নির্দেশে ওই সামগ্রী সেখানে রাখা হয়েছিল, তা জানতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাতভর ক্লাবের সামনে ভিড় জমান স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মী-সমর্থকেরা। দফায় দফায় বিক্ষোভও চলে। বিমানকৃষ্ণ সাহাকে পুলিশ গাড়িতে তোলার সময় ‘চোর চোর’ স্লোগান ওঠে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। উত্তেজিত জনতার একাংশ তাঁর উদ্দেশে জুতো ও জলের বোতল নিক্ষেপ করে বলেও অভিযোগ।

 

বিজেপির তরফে আরও অভিযোগ করা হয়েছে, শুক্রবার বিকেল থেকেই বিমানকৃষ্ণ সাহার বাড়ি থেকে মিষ্টির প্যাকেটের মধ্যে করে নগদ অর্থ সরানো হচ্ছিল। যদিও এই অভিযোগের সত্যতা সম্পর্কে এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনও সরকারি মন্তব্য করা হয়নি।

 

উল্লেখ্য, যে ক্লাবঘর থেকে ত্রাণসামগ্রী উদ্ধার হয়েছে, সেটি পুরপ্রধানের আবাসনের একেবারে পাশেই অবস্থিত। ফলে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে পুরপ্রধানের কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ ছিল কি না, ত্রাণসামগ্রী কেন বিতরণ না করে মজুত রাখা হয়েছিল এবং এই ঘটনার পিছনে আর কারা জড়িত সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানকৃষ্ণ সাহাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়নি। তবে তাঁকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে এবং ঘটনার তদন্তে নতুন তথ্য উঠে আসতে পারে বলে মনে করছে পুলিশ।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper