Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর

সীমান্ত সুরক্ষায় কাঁটাতারের আশ্বাস, মিশ্র প্রতিক্রিয়া সীমান্তবাসীদের

0 694,321,831

রমিত সরকার , (নদিয়া):নবান্নে প্রবেশের পরই সীমান্ত নিরাপত্তা নিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকার। তিনি স্পষ্ট জানিয়েছেন, ভারত-বাংলাদেশ সীমান্তে সুরক্ষা জোরদারে রাজ্য সরকার বদ্ধপরিকর। সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য যতটা জমি প্রয়োজন, আগামী ৪৫ দিনের মধ্যেই তা বিএসএফ-কে তুলে দেওয়া হবে বলেও ঘোষণা করেছেন তিনি।

 

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর থেকেই সীমান্তবর্তী গ্রামগুলিতে শুরু হয়েছে নানা আলোচনা। কোথাও এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে, আবার কোথাও উঠেছে বাস্তব সমস্যার কথা। বিশেষ করে যেসব গ্রাম এখনও কাঁটাতারের বাইরে রয়েছে অথবা অস্থায়ী বেড়ার ভেতরে পড়েছে, সেইসব এলাকার বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

 

নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জের বিজয়পুর গ্রামে এই ঘোষণায় খুশির হাওয়া। দীর্ঘদিন ধরে ওই এলাকায় স্থায়ী কাঁটাতারের বেড়া না থাকায় মাঝেমধ্যেই অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সীমান্তে স্থায়ী কাঁটাতারের ব্যবস্থা হলে অনুপ্রবেশ অনেকটাই রোখা সম্ভব হবে এবং সাধারণ মানুষ নিরাপদে বসবাস করতে পারবেন।

বিজয়পুর গ্রামের বাসিন্দা নির্মল বিশ্বাস বলেন, “সরকার সীমান্ত সুরক্ষার জন্য যে উদ্যোগ নিয়েছে, তাতে আমরা খুবই খুশি। কাঁটাতার হলে আমাদের নিরাপত্তা বাড়বে।”

অন্যদিকে, নদিয়া জেলার ভীমপুর থানার অন্তর্গত মলুয়াপাড়া, হুদোপাড়া ও রাঙিয়াপোতা গ্রামের পরিস্থিতি কিছুটা আলাদা। এই এলাকাগুলিতে এখনও স্থায়ী কাঁটাতারের ব্যবস্থা নেই। অস্থায়ীভাবে যে বেড়া ও গেট তৈরি করা হয়েছে, তার ভেতরেই পড়েছে গ্রামগুলি। ফলে প্রতিদিন যাতায়াত থেকে শুরু করে সাধারণ জীবনযাত্রায় নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রামবাসীদের।

স্থানীয়দের পক্ষ থেকে সাবির মণ্ডল জানান, নতুন সরকারের কাছে তাঁদের একটাই আবেদন—গ্রামের ভেতর দিয়ে নয়, গ্রামের বাইরের অংশ দিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হোক। তাতে যেমন নিরাপত্তা বজায় থাকবে, তেমনই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনও ব্যাহত হবে না।

নলুয়াপাড়া গ্রামের বাসিন্দা হায়দার আলি মণ্ডল বলেন, “নতুন সরকার যে পদক্ষেপ নিয়েছে, তাকে আমরা স্বাগত জানাই। সীমান্ত সুরক্ষিত হলে আমাদেরও লাভ হবে। তবে কাঁটাতার গ্রামের বাইরে দিয়ে দিলে আমরা আরও স্বস্তিতে থাকতে পারব।”

সীমান্ত সুরক্ষা ও স্থানীয় মানুষের স্বার্থ—দুইয়ের মধ্যে কীভাবে ভারসাম্য বজায় রাখে রাজ্য সরকার, এখন সেদিকেই নজর সীমান্তবাসীদের। সরকারের এই উদ্যোগ বাস্তবায়নের সময় সাধারণ মানুষের মতামত কতটা গুরুত্ব পায়, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে সীমান্ত এলাকায়।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper