Khabor Ekhon
এন্টালি হত্যাকাণ্ডে হাসনাবাদ থেকে গ্রেপ্তার আরও এক
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজনৈতিক উত্তাপে ফুটছে গোটা রাজ্য। এই আবহে এন্টালি থানা এলাকায় তৃণমূল কর্মী তাপস নস্কর হত্যাকাণ্ডের তদন্তে বড়সড় সাফল্য পেল কলকাতা পুলিশ। শনিবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার হাসনাবাদ এলাকায় হানা দিয়ে এই খুনের ঘটনার দ্বিতীয় অভিযুক্তকে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা। ধৃতের নাম ভোলা কর (৫০)। গোপন সূত্রে খবর পেয়ে লালবাজারের গোয়েন্দা বিভাগ ও স্থানীয় থানার একটি বিশেষ দল হাসনাবাদের মিঠুন মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয়। সেখান থেকেই ভোলাকে হাতেনাতে পাকড়াও করা হয়। গত মঙ্গলবার গভীর রাতে অর্থাৎ ৫ মে, নির্বাচনের ফলাফল প্রকাশের ঠিক পরের দিনই নৃশংসভাবে খুন হয়েছিলেন তাপস। সেই ঘটনার পর থেকে ভোলা পলাতক ছিল। পুলিশের দাবি, ধৃত ভোলা নস্কর হত্যাকাণ্ডের এফআইআর-এ নাম থাকা অন্যতম প্রধান অভিযুক্ত। আজই তাকে শিয়ালদহ এসিজেএম আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।
ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার মধ্যরাতে। এন্টালির চৌধুরী লেনে রক্তাক্ত অবস্থায় নিথর হয়ে পড়ে থাকতে দেখা যায় এলাকার সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত তাপস নস্করকে। স্থানীয় বাসিন্দারা চিৎকার শুরু করলে দুষ্কৃতীরা চম্পট দেয়। পুলিশ এসে তড়িঘড়ি উদ্ধার করে তাঁকে স্থানীয় এনআরএস হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, তাপসের শরীরে একাধিক গভীর আঘাতের চিহ্ন ছিল, যা থেকে স্পষ্ট যে অত্যন্ত আক্রোশ থেকেই তাঁকে কুপিয়ে খুন করা হয়েছে। ঘটনার পর এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। নিহতের স্ত্রী এই ঘটনায় ভোলা কর-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। এর আগে একজনকে গ্রেপ্তার করা হলেও ভোলা ছিল অধরা। গোয়েন্দাদের ধারণা, ভোলাকে জেরা করলে এই খুনের নেপথ্যে থাকা বাকিদের হদিশ পাওয়া সম্ভব হবে।
তবে এই হত্যাকাণ্ড নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেলেও পুলিশ প্রশাসনের দাবি ভিন্ন। নির্বাচনের ঠিক পরেই এই খুন হওয়ায় বিরোধীরা একে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করলেও কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এর পিছনে কোনও সরাসরি রাজনৈতিক যোগসূত্র মেলেনি। বরং প্রাথমিক তদন্তে উঠে আসছে প্রোমোটিং বা নির্মাণ ব্যবসা সংক্রান্ত পুরনো বিবাদের তত্ত্ব। স্থানীয় সূত্রে খবর, তাপস নস্কর এলাকার এক প্রভাবশালী তৃণমূল নেতার অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং সেই সুবাদে এন্টালি এলাকায় প্রোমোটিং সংক্রান্ত কাজে তাঁর ব্যাপক প্রতিপত্তি ছিল। অভিযোগ রয়েছে, এই ব্যবসার আড়ালে বেশ কিছু বেআইনি কার্যকলাপের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন এবং এ নিয়ে স্থানীয় এক গোষ্ঠীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের বিরোধ চলছিল। তাপসের বিরুদ্ধে স্থানীয় থানায় একাধিক মামলাও ছিল। এমনকি বিধানসভা নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে নির্বাচন কমিশন ও পুলিশের পক্ষ থেকে তাঁকে সতর্ক করা হয়েছিল এবং একসময় নজরবন্দিও করা হয়। যদিও নজরবন্দি থাকা অবস্থাতেই তিনি এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছিলেন।
ভোটের ফল প্রকাশের পর পরিস্থিতি থিতু হয়েছে ভেবেই গত মঙ্গলবার ফের এন্টালিতে নিজের ডেরায় ফিরেছিলেন তাপস। কিন্তু ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই প্রাণ হারাতে হল তাঁকে। পুলিশ মনে করছে, তাপসের ফিরে আসার খবর আগেভাগেই ছিল বিরোধী শিবিরের কাছে। তাই তাঁকে দেখা মাত্রই ছক কষে হামলা চালানো হয়। কমিশনার অজয় নন্দার মতে, এটি মূলত দুই ব্যবসায়িক গোষ্ঠীর অভ্যন্তরীণ সংঘাতের ফল। দীর্ঘদিন এলাকার বাইরে থাকার পর তাপস ফিরতেই পুরনো শত্রুতা মাথাচাড়া দিয়ে ওঠে এবং যার চূড়ান্ত পরিণতি এই হত্যাকাণ্ড। আপাতত ধৃত ভোলাকে জিজ্ঞাসাবাদ করে খুনের পূর্ণাঙ্গ নকশা এবং এই ঘটনায় আর কোনও ‘মাথা’র যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। হাসনাবাদের যে বাড়ি থেকে ভোলা গ্রেপ্তার হয়েছে, সেই বাড়ির মালিক মিঠুন মণ্ডলের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। এন্টালি জুড়ে এখন চাপা উত্তেজনা বিরাজ করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে। এর পিছনে আর কোনও বড় ষড়যন্ত্র রয়েছে কি না, তা জানার চেষ্টায় তৎপর গোয়েন্দারা।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

