Khabor Ekhon
পাহাড়প্রমাণ ঋণ ও চ্যালেঞ্জের মুখে নয়া সরকার
পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক দীর্ঘ অধ্যায়ের অবসান ঘটিয়ে মহাকরণ ও নবান্নের দখল নিয়েছে বিজেপি। শনিবার ব্রিগেডের ঐতিহাসিক মঞ্চে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু ক্ষমতা হস্তান্তরের এই মাহেন্দ্রক্ষণে উৎসবের আবহের নিচেই চাপা পড়ে রয়েছে এক রূঢ় বাস্তব। বিদায়ী তৃণমূল সরকার নয়া সরকারের জন্য যে উত্তরাধিকার রেখে গিয়েছে, তা ফুলে-ফলে সুশোভিত কোনো বাগান নয়, বরং পাহাড়প্রমাণ ঋণের বোঝা এবং রুগ্ন অর্থনীতির এক কঠিন রণক্ষেত্র। ২০১১ সালে বামফ্রন্ট সরকারকে হটিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন, তখন তাঁর প্রধান অভিযোগ ছিল বামেদের রেখে যাওয়া পুঞ্জীভূত ঋণ। আশ্চর্যের বিষয় হলো, ২০২৬ সালে এসে সেই একই অভিযোগের মুখে দাঁড়িয়ে বিদায়ী তৃণমূল সরকার।
হিসাবের খাতা উল্টালে দেখা যাচ্ছে, বিদায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যের ঘাড়ে প্রায় ৭.৭১ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গিয়েছে। এই বিপুল পরিমাণ ঋণের সুদ মেটাতেই রাজ্যের কোষাগারের একটি বিশাল অংশ ব্যয় হয়ে যাবে, যা নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য সবথেকে বড় প্রশাসনিক চ্যালেঞ্জ হতে চলেছে। সরকারের অন্দরের খবর, এই বিপুল ঋণের ভার সামলে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করা এবং রাজ্যের উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাওয়া নয়া অর্থমন্ত্রীর জন্য কার্যত ‘অগ্নিপরীক্ষা’র সমান। কেবল ঋণ নয়, দারিদ্র্য দূরীকরণের ক্ষেত্রেও রাজ্যের ছবিটা খুব একটা উজ্জ্বল নয়। রঙ্গরাজন কমিটির তথ্য অনুযায়ী, রাজ্যে এখনও ১১.৮৯ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন। বিশেষজ্ঞ মহলের মতে, নতুন সরকারকে যদি এই দারিদ্র্যের অভিশাপ থেকে বাংলাকে মুক্ত করতে হয়, তবে শহর এলাকায় মাথাপিছু দৈনিক ৪৭ টাকা এবং গ্রামাঞ্চলে ৩২ টাকা খরচের সক্ষমতা তৈরি করতে হবে, যা বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে যথেষ্ট শ্রমসাধ্য।
শিল্প ও বিনিয়োগের ক্ষেত্রেও বিদায়ী সরকারের খতিয়ান খুব একটা আশাপ্রদ নয়। বিগত দেড় দশকে ঘটা করে একাধিক ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’ আয়োজিত হলেও বাস্তব চিত্রে তার প্রতিফলন ঘটেনি বললেই চলে। সারা দেশে মোট বিদেশি বিনিয়োগের মধ্যে বাংলার ভাগ বর্তমানে মাত্র ০.৬ শতাংশ। এর থেকেও উদ্বেগজনক তথ্য হলো, গত কয়েক বছরে বাংলার মাটি ছেড়ে চলে গিয়েছে প্রায় সাত হাজার ছোট-বড় শিল্প সংস্থা। নয়া সরকারের কাছে তাই অন্যতম প্রধান চ্যালেঞ্জ হলো মুখ ফিরিয়ে নেওয়া শিল্পপতিদের পুনরায় বাংলায় ফিরিয়ে আনা এবং কর্মসংস্থানের পরিবেশ তৈরি করা। শিল্পায়নের পথে অন্যতম কাঁটা হিসেবে চিহ্নিত হয়েছে জমি অধিগ্রহণ নীতি। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একাধিকবার অভিযোগ করেছিলেন যে, জমি জটেই আটকে রয়েছে বাংলার বহু রেল প্রকল্প। পরিসংখ্যান বলছে, রেলের সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় ৪,৫৬৪ হেক্টর জমির মধ্যে রাজ্য সরকার মাত্র ২৭ শতাংশ হস্তান্তর করতে পেরেছে। ফলে কেন্দ্রীয় পরিকাঠামো প্রকল্পের প্রায় ২,৯০০ কোটি টাকা অব্যবহৃত পড়ে রয়েছে এবং ১,৫০০ কোটি টাকার প্রকল্পের কাজ চলছে কচ্ছপ গতিতে।
সবথেকে করুণ চিত্র ফুটে উঠেছে কর্মসংস্থানের ক্ষেত্রে। কাজের খোঁজে বাংলা ছেড়ে ভিনরাজ্যে পাড়ি দেওয়া পরিযায়ী শ্রমিকদের সারি দিন দিন দীর্ঘতর হয়েছে। সরকারি হিসেবে এই সংখ্যাটা ২২ লক্ষ হলেও বেসরকারি মতে তা ৫০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। কেরালা, গুজরাট বা তামিলনাড়ুর কলকারখানায় বাংলার যুবকদের ভিড়ই বলে দিচ্ছে ঘরের মাটিতে কাজের অভাব কতটা প্রকট। নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর প্রথম বার্তায় কর্মসংস্থান ও শিল্পের ওপর জোর দেওয়ার কথা বললেও, ৭.৭১ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে তিনি কতটা সফল হবেন, তা নিয়ে সংশয় রয়েছে ওয়াকিবহাল মহলে। একদিকে ঋণের কিস্তি মেটানো আর অন্যদিকে ভেঙে পড়া পরিকাঠামোকে চাঙ্গা করা— এই দুই সাগরের মাঝখানে নয়া সরকারের প্রশাসনিক নৌকা ঠিক কতটা দক্ষতায় এগোয়, এখন সেটাই দেখার। বিদায়ী সরকারের রেখে যাওয়া এই জরাজীর্ণ অর্থনৈতিক উত্তরাধিকার কাটিয়ে ‘সোনার বাংলা’ গড়ার যে প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল, তার বাস্তবায়ন এখন সময়ের অপেক্ষা। নয়া মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন সেচমন্ত্রী শুভেন্দু অধিকারীর সামনে এখন কেবল সরকার চালানো নয়, বরং দেউলিয়া হওয়ার পথে থাকা একটি রাজ্যকে পুনরুজ্জীবিত করার কঠিন পরীক্ষা। বাংলার মানুষ এখন অধীর আগ্রহে তাকিয়ে আছেন নবান্নের চোদ্দোতলার দিকে, যেখান থেকে নির্ধারিত হবে আগামীর অর্থনৈতিক গতিপথ।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

