Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

শাহী-তৎপরতায় যবনিকা পতন, শুক্রবারই নাম চূড়ান্ত নতুন মুখ্যমন্ত্রীর

0 67,843,646

 ছাব্বিশের বিধানসভা যুদ্ধে ঐতিহাসিক জয়ের পর এবার বাংলার মসনদে কে বসবেন, সেই উত্তর খুঁজতে শুক্রবারই কলকাতা পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দীর্ঘ প্রতীক্ষা ও জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবারই বিজেপির নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন তিনি। লক্ষ্য একটাই— রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী তথা পরিষদীয় দলনেতার নাম চূড়ান্ত করা। বিজেপি সূত্রের খবর, এই হাই-প্রোফাইল বৈঠকের পরেই জানা যাবে কার হাতে তুলে দেওয়া হচ্ছে আগামীর পশ্চিমবঙ্গ শাসনের রাজদণ্ড। দিল্লি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রকাশ করা সূচি অনুযায়ী, আজ দুপুরেই শহরে পৌঁছবেন শাহ, আর তার পর থেকেই শুরু হবে রুদ্ধদ্বার বৈঠকের পর্যায়।

বিজেপির সাংগঠনিক রীতি অনুযায়ী, নির্বাচনের পর পরিষদীয় দলনেতা বাছার ক্ষেত্রে কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করা হয়। তবে বাংলার ক্ষেত্রে গুরুত্ব বিবেচনা করে স্বয়ং অমিত শাহকেই প্রধান পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁকে সাহায্য করার জন্য সহকারী পর্যবেক্ষক হিসেবে থাকছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। বিধানসভার সমীকরণ এবার সম্পূর্ণ বদলে গিয়েছে; এতদিন যে বিজেপি বিরোধী আসনে বসত, এবার তারাই রাজ্যের শাসকপক্ষ। ফলে এদিনের বৈঠকে বিধায়কদের সর্বসম্মতিক্রমে এমন একজনকে বেছে নেওয়া হবে, যিনি একই সাথে শাসকদলের পরিষদীয় দলনেতা এবং বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। এই মুহূর্তের এই রাজনৈতিক তৎপরতাকে কেন্দ্র করে সারা রাজ্যের নজর এখন নিউ টাউনের সেই হোটেলের দিকে, যেখানে শাহের উপস্থিতিতে বসবে হবু বিধায়কদের গুরুত্বপূর্ণ সভা।

স্বরাষ্ট্র মন্ত্রকের প্রকাশিত সফরসূচি জানাচ্ছে, শুক্রবার সকাল সোয়া দশটা নাগাদ দিল্লির কৃষ্ণ মেনন মার্গের বাসভবন থেকে বেরোবেন অমিত শাহ। পালাম বিমানবন্দর থেকে বিএসএফ-এর বিশেষ বিমানে চেপে ১০টা ৪০ মিনিটে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে তাঁর বিমানটি অবতরণ করার কথা। সেখান থেকে সড়কপথে সোজা নিউ টাউনের একটি বেসরকারি হোটেলে পৌঁছবেন তিনি। দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত সেখানেই দফায় দফায় বৈঠক চলবে। মূলত নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে ব্যক্তিগত স্তরে কথা বলা এবং তাঁদের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত নাম সিলমোহর দেওয়া হবে। এরপর সেই নাম রাজভবনে পাঠিয়ে সরকার গঠনের দাবি পেশ করবে বিজেপি।

শনিবারই ব্রিগেডের বিশাল জনসভায় বাংলার নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা। শাহের সূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টা ৫৫ মিনিটে তিনি ব্রিগেড ময়দানে উপস্থিত থাকবেন। অর্থাৎ, শনিবার দুপুরের মধ্যেই বাংলার মানুষ তাঁদের নতুন মুখ্যমন্ত্রীকে পেয়ে যাবেন। শপথগ্রহণ অনুষ্ঠান শেষ করে দুপুর ১২টা ৪৫ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেবেন শাহ। দীর্ঘ কয়েক দশকের প্রতীক্ষার পর রাজ্যে ক্ষমতার অলিন্দে এই মহাবদলের সাক্ষী থাকতে এখন প্রস্তুত কলকাতা। কার নামের লটারি মিলবে, কে হবেন একবিংশ শতাব্দীর বাংলার নয়া কাপ্তান— সেই রহস্যের জট আজ রাতেই খুলতে চলেছেন বিজেপির এই চাণক্য। মোদী-শাহের গুডবুকে কার নাম সবার উপরে রয়েছে, তা নিয়ে এখন সরগরম রাজ্য রাজনীতির অন্দরমহল।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper