Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

চোখের জলে শেষ বিদায় চণ্ডীপুরের ঘরের ছেলেকে, বিচারের দাবিতে উত্তাল জেলা

0 870,932,719

 নিজের কর্মভূমি থেকে নিথর দেহে ফিরলেন তিনি, কিন্তু জনসমুদ্রের বাঁধভাঙা আবেগ আর গগণভেদী স্লোগান জানান দিল— চন্দ্রনাথ রথ শুধু এক রাজনৈতিক কর্মী ছিলেন না, তিনি ছিলেন চণ্ডীপুরের ঘরের ছেলে। বৃহস্পতিবার বিকেলে যখন শুভেন্দু অধিকারীর প্রয়াত আপ্তসহায়কের মরদেহ পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে তাঁর পৈতৃক ভিটেয় এসে পৌঁছল, তখন গোটা এলাকা এক শোকাতুর জনপদে পরিণত হয়েছে। বারাসত মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ করে কড়া নিরাপত্তায় যখন দেহ নিয়ে আসা হয়, তখন রাস্তার দু’পাশে হাজার হাজার মানুষের ভিড়। জাতীয় পতাকায় মোড়া চন্দ্রনাথের কফিন ছুঁয়ে একবার দেখার জন্য সাধারণ মানুষের হুড়োহুড়ি আর ‘ভারত মাতা কি জয়’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে চারদিক।

বিজেপির জেলা নেতৃত্বের পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন জেলায় সদ্য জয়ী দলের প্রার্থীরাও। বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে এক বিশেষ বেদিতে রাখা ছিল তাঁর নশ্বর দেহ, যেখানে ফুল আর মালায় শেষ শ্রদ্ধা জানান তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা। পরে যখন মায়ের কোলে শেষবারের মতো ফেরানো হয় তাঁর দেহ, তখন সেই দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারেননি উপস্থিত জনতাও। বৃহস্পতিবার রাতেই গ্রামের শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। কিন্তু শেষ বিদায়ের মুহূর্তেও প্রতিবাদের সুর ছিল চড়া। উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকেরা খুনিদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বারবার স্লোগান তোলেন। শোকের আবহ ছাপিয়ে জেলাজুড়ে এখন শুধুই ন্যায়বিচারের অপেক্ষা।

মধ্যমগ্রামের সেই রক্তক্ষয়ী বুধবারের রাতের স্মৃতি এখনও সবাইকে তাড়িয়ে বেড়াচ্ছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বাইকে করে আসা একদল দুষ্কৃতী অত্যন্ত পেশাদারিত্বের সাথে চন্দ্রনাথের গাড়ি লক্ষ্য করে একের পর এক গুলি চালায়। গুলিতে ঝাঁঝরা হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই নৃশংস ঘটনার খবর চাউর হতেই উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। রাতেই হাসপাতালে ছুটে যান শুভেন্দু অধিকারীসহ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে সরাসরি আঙুল তুলে বিক্ষোভ দেখান দলীয় কর্মীরা। শুভেন্দু অধিকারীর অভিযোগ, ভবানীপুরে তৃণমূল নেত্রীর পরাজয় এবং তাঁর ঘনিষ্ঠ হওয়ার কারণেই এই চক্রান্ত করে চন্দ্রনাথকে সরিয়ে দেওয়া হয়েছে। যদিও এই ঘটনার নিন্দা জানিয়ে ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি তোলা হয়েছে।

অন্যদিকে, খুনিদের খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ। বুধবার রাতেই রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত নিজে মধ্যমগ্রামের হাসপাতালে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং শুভেন্দু অধিকারীর সাথে দীর্ঘক্ষণ কথা বলেন। পুলিশ ইতিমধ্যেই একটি চারচাকার গাড়ি এবং দুষ্কৃতীদের ব্যবহৃত বাইকটি উদ্ধার করেছে। তবে তদন্তে উঠে এসেছে এক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত— দুটি যানেই লাগানো ছিল ভুয়ো নম্বরপ্লেট। ঘটনার কিনারা করতে গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার না হলেও, পুলিশের দাবি দ্রুত সাফল্য মিলবে। এই উত্তপ্ত পরিস্থিতিতে যাতে নতুন করে কোনো অশান্তি না ছড়ায়, তার জন্য দলীয় কর্মীদের সংযত থাকার বার্তা দিয়েছেন বিদায়ী বিরোধী দলনেতা। চণ্ডীপুরের আকাশে এখন শুধু কালো মেঘ আর বিচারের আকুল প্রার্থনা।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper