Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

পুনর্জন্ম মহাকরণের, ফিরছে লালবাড়ি জমানা

0 983,156,844

 দীর্ঘ তেরো বছরের নির্বাসন ঘুচিয়ে ফের বাংলার ক্ষমতার ভরকেন্দ্র হতে চলেছে লালবাড়ি। গঙ্গার ওপারের নবান্ন থেকে পাততাড়ি গুটিয়ে নয়া সরকারের হাত ধরে সচিবালয় ফিরছে ডালহৌসি চত্বরে। আর মুখ্যমন্ত্রীর দপ্তর মহাকরণে ফেরার খবর রটতেই কার্যত ভোল বদলে গিয়েছে গোটা অফিস পাড়ার। বিবাদি বাগ চত্বরে এখন সাজ সাজ রব। একদিকে যেমন সরকারি আধিকারিকদের বসার জায়গা গুছিয়ে নিতে ব্যস্ত পূর্ত দপ্তর, ঠিক তেমনই এক লহমায় পাল্টে গিয়েছে রাইটার্স বিল্ডিংয়ের সামনের ফুটপাথের চেনা ছবিটা। তেরো বছর আগে যে প্রাণস্পন্দন এই এলাকা থেকে হারিয়ে গিয়েছিল, মহাকরণের পুনর্জন্মের সাথেই যেন তার নবজাগরণ ঘটছে।

২০১৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণ সংস্কারের নাম করে তড়িঘড়ি সমস্ত সরকারি দপ্তর গঙ্গার ওপারে হাওড়ার নবান্নে সরিয়ে নিয়ে গিয়েছিলেন। সেই থেকে ধুলো জমেছে মহাকরণের অলিন্দে, ফিকে হয়েছে তার রাজকীয় গরিমা। দীর্ঘ অপেক্ষার পর রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটার সাথে সাথেই বিজেপির নতুন সরকার সিদ্ধান্ত নিয়েছে, বাংলার প্রশাসনিক ইতিহাস যে বাড়ির পরতে পরতে জড়িয়ে আছে, সেই লালবাড়ি থেকেই ফের পরিচালিত হবে রাজ্য। এই সিদ্ধান্তের কথা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে বিনয়-বাদল-দীনেশ বাগে। শনিবার রাজ্যে নয়া মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান। তার আগেই মহাকরণের অন্দরে মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সচিবদের চেম্বার সাজানোর কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। পালিশ করা হচ্ছে সেগুন কাঠের দরজা, নতুন করে ঝালিয়ে নেওয়া হচ্ছে বৈদ্যুতিক সংযোগ। লালবাজারের পক্ষ থেকেও নিরাপত্তার কড়াকড়ি বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে দু’জন সার্জেন্ট পদমর্যাদার অফিসার সহ এক বিশাল পুলিশ বাহিনী দিনরাত টহল দিচ্ছে মহাকরণের চতুর্দিকে।

তবে সবচেয়ে বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে রাইটার্সের বাইরের ফুটপাথে। সরকারি সচিবালয় ফেরার আশায় লক্ষ্মীলাভের আশায় বুক বাঁধছেন অফিস পাড়ার ক্ষুদ্র ব্যবসায়ীরা। এক দশক আগে যাঁদের ব্যবসা কার্যত লাটে উঠেছিল, তাঁরা আবার নতুন করে পসরা সাজিয়ে বসতে শুরু করেছেন। ফুটপাথের ভাতের হোটেলগুলিতে নতুন করে উনুন জ্বলছে, ধোয়া-মোছা চলছে টেবিল-চেয়ারের। পুরনো দিনের সেই ‘বাবু’দের ভিড় সামলানোর প্রস্তুতি নিচ্ছেন হোটেল মালিকরা। বাম আমল থেকে ব্যবসা করছেন এমন এক হোটেল মালিকের কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে যাওয়ার পর আমাদের বাজার পুরো বসে গিয়েছিল। আগে লালবাড়ি থেকেই আসত মূল অর্ডার। গত বারো বছর কার্যত অভাবের মধ্যেই কেটেছে আমাদের। এখন সরকার ফেরার খবর শুনে আবার আশা জাগছে।” শুধু খাবারের দোকানই নয়, রাইটার্সের উল্টো দিকের ফুটপাথে দেখা গেল ভিড় জমিয়েছেন মুচিরা। জুতো পালিশের সরঞ্জাম নিয়ে সার দিয়ে বসে পড়েছেন তাঁরা। তাঁদের কথায়, “জ্যোতিবাবুর সময় এখানেই বসতাম। কিন্তু নবান্ন হওয়ার পর পুলিশ আর থাকতে দিত না। এখন শুনলাম অফিসার আর পুলিশরা আবার মহাকরণে ফিরবেন, তাই আগেভাগেই জায়গা দখল করে নিয়েছি।”

এরই মাঝে বদলে গিয়েছে এলাকার ভৌগোলিক অবস্থানও। মহাকরণের দোরগোড়ায় এখন ইস্ট-ওয়েস্ট মেট্রোর স্টেশন। সেই স্টেশনের মুখেও হকারদের দাপট বাড়ছে পাল্লা দিয়ে। অফিস পাড়ার আনাচে-কানাচে এখন একটাই আলোচনা— হারানো জৌলুস ফিরে পাচ্ছে মহাকরণ। সরকারি ফাইলবন্দি লালবাড়ি আবার কলম আর নথিপত্রের খসখসানিতে মুখর হবে। দীর্ঘ তেরো বছরের মৌনতা ভেঙে মহাকরণের অলিন্দ দিয়ে আবার হেঁটে যাবেন রাজ্যের নয়া কর্ণধার। সব মিলিয়ে বিবাদি বাগ চত্বরে এখন জায়গা দখল আর নতুন করে শুরুর তোড়জোড়। বাংলার প্রশাসনিক ক্ষমতার এই পালাবদল শুধু রাজনীতির নয়, বরং এক পুরোনো ঐতিহ্যের পুনর্জন্ম হিসেবেই দেখছে শহরবাসী। নবান্নের জমানা পেরিয়ে বাংলা এখন আবার লালবাড়ির অনুশাসনে ফেরার অপেক্ষায় প্রহর গুনছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper