Khabor Ekhon
শুভেন্দুর আপ্ত সহায়কের নৃশংস হত্যাকাণ্ড ঘিরে উত্তপ্ত মধ্যমগ্রাম, আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি তৃণমূলের
মধ্যমগ্রামের দোহারিয়ায় বুধবার রাতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে নৃশংসভাবে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠল রাজ্য রাজনীতি। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে। বুধবার রাতেই নিজেদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি বিবৃতি জারি করে ঘাসফুল শিবির স্পষ্ট জানিয়েছে, গণতন্ত্রে হিংসা এবং রাজনৈতিক হত্যার কোনও স্থান নেই। ওই একই বিবৃতিতে তারা অভিযোগ করেছে যে, আদর্শ আচরণবিধি জারি থাকা সত্ত্বেও গত তিন দিনে রাজ্যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে তিন তৃণমূল কর্মী প্রাণ হারিয়েছেন। শাসক দলের দাবি, চন্দ্রনাথ রথের মৃত্যুর ঘটনার পাশাপাশি তাদের কর্মীদের খুনের নেপথ্যে থাকা প্রকৃত অপরাধীদেরও দ্রুত শনাক্ত করে কঠোরতম আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে।
ঘটনার সূত্রপাত বুধবার রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায়। জানা গিয়েছে, সারাদিন শুভেন্দু অধিকারীর নির্বাচনী ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গী হয়ে রাতে স্করপিও গাড়িতে চড়ে বাড়ি ফিরছিলেন চন্দ্রনাথ রথ। গাড়িটি যখন একটি বিরিয়ানির দোকানের সামনে থামে, ঠিক সেই সময় বাইকে করে আসা দুষ্কৃতীরা গাড়ির একদম কাছে চলে আসে। চন্দ্রনাথবাবু চালকের পাশের আসনেই বসে ছিলেন। তাঁকে লক্ষ্য করে অত্যন্ত কাছ থেকে এলোপাথাড়ি গুলি চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, তাঁর শরীরে অন্তত তিনটি গুলি বিদ্ধ হয়েছে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান স্থানীয়রা। দুষ্কৃতীরা গুলিবর্ষণ করার পর মুহূর্তের মধ্যে এলাকা ছেড়ে চম্পট দেয়। গুলিতে জখম হন গাড়ির চালকও। রক্তাক্ত অবস্থায় দু’জনকেই স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা চন্দ্রনাথ রথকে মৃত বলে ঘোষণা করেন। চালকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে ওঠে। দীর্ঘ সময় ধরে শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গী ও আপ্ত সহায়কের কাজ সামলানো চন্দ্রনাথের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধী দলনেতা নিজে। তিনি এই ঘটনাকে ‘ঠান্ডা মাথার সুপরিকল্পিত খুন’ বলে অভিহিত করেছেন। তাঁর দাবি, বেশ কয়েক দিন ধরে রেইকি করে চন্দ্রনাথের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল এবং তারপর সুযোগ বুঝে তাঁকে নিকেশ করা হয়েছে। শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে, নিহত কর্মীর পরিবার এবং আহত চালকের চিকিৎসার যাবতীয় দায়িত্ব তাঁর দল বহন করবে। অন্যদিকে, বিজেপি নেত্রী কেয়া ঘোষ সরাসরি তৃণমূলের দিকে আঙুল তুলেছেন। তাঁর অভিযোগ, ভবানীপুর বিধানসভা কেন্দ্রে নিবিড়ভাবে নির্বাচনী কাজ করার অপরাধে প্রাণ দিতে হল চন্দ্রনাথকে। তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর লড়াইয়ে চন্দ্রনাথের সক্রিয় ভূমিকা ছিল অনস্বীকার্য, আর সেই রাজনৈতিক আক্রোশ ও হতাশা থেকেই তাঁকে সরিয়ে দেওয়া হল। বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, নতুন সরকার গঠন হওয়ার পর এই হত্যার নেপথ্যে থাকা পরিকল্পনাকারী এবং সুপারি কিলারদের একজনকেও রেহাই দেওয়া হবে না।
পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখার কথা জানিয়েছে। তৃণমূলের বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যে ভোট পরবর্তী হিংসার শিকার হচ্ছে তাঁদের কর্মীরাও। নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে যে তিন তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে, সেই প্রসঙ্গ টেনে তাঁরা জানান যে কোনো পক্ষেই হিংসাকে প্রশ্রয় দেওয়া হবে না। রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি এবং আদর্শ আচরণবিধি চলাকালীন কীভাবে এই ধরণের দুঃসাহসিক হামলা সম্ভব হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে শাসক দল। প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য সিবিআই তদন্তের দাবি জানিয়ে তাঁরা রাজনৈতিক নিরপেক্ষতা ও ন্যায়বিচারের ওপর জোর দিয়েছেন। এই হত্যাকাণ্ডের পর গোটা মধ্যমগ্রাম এলাকায় ব্যপক পুলিশি তৎপরতা শুরু হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে প্রশাসন। রাজনৈতিক মহলের মতে, এই হত্যাকাণ্ডের ঘটনা ভোট পরবর্তী বাংলার রাজনৈতিক পরিস্থিতিকে আরও অগ্নিগর্ভ করে তুলতে পারে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

