Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

গণনার আগে ভবানীপুরে রবি-সন্ধ্যায় মমতার রণকৌশল

0 43,298,628

 আগামীকাল হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। তার ঠিক আগের দিন নিজের খাসতালুক ভবানীপুরকে আগলে রাখতে কোমর বেঁধে নামলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় কালীঘাটের বাসভবন সংলগ্ন দলীয় কার্যালয়ে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সমস্ত ওয়ার্ডের কাউন্সিলর, ওয়ার্ড সভাপতি এবং কাউন্টিং এজেন্টদের নিয়ে একটি জরুরি বৈঠক ডেকেছেন তিনি। দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল সূত্রে জানানো হয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ এই বৈঠকটি শুরু হবে। মূলত গণনার দিন কাউন্টিং এজেন্টদের ভূমিকা কী হবে এবং ভোট গণনাকেন্দ্রে বিজেপি বা বিরোধী শিবিরের মোকাবিলা কীভাবে করা হবে, তা নিয়ে একগুচ্ছ কড়া নির্দেশিকা দিতেই এই শেষ মুহূর্তের প্রস্তুতি বৈঠক বলে মনে করছে রাজনৈতিক মহল।

সোমবার ভবানীপুর-সহ রাজ্যের ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ভাগ্যপরীক্ষা। তার আগে নিজের নির্বাচনী এলাকার কর্মীদের মনোবল চাঙ্গা করতে এবং টেকনিক্যাল বিষয়গুলি বুঝিয়ে দিতেই এই পদক্ষেপ তৃণমূল নেত্রীর। দলীয় সূত্রে খবর, ভবানীপুর কেন্দ্রের অন্তর্গত আটটি ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও সভাপতিদের এই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গণনার দিন এজেন্টদের কার কী দায়িত্ব থাকবে এবং পরিস্থিতির গুরুত্ব বিচার করে তারা কীভাবে সিদ্ধান্ত নেবেন, তা মুখ্যমন্ত্রী নিজেই স্পষ্ট করে দেবেন। উল্লেখ্য, গত শুক্রবারই ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী অরফ্যানগঞ্জের কার্যালয়ে দলীয় কর্মীদের নিয়ে একই ধরনের একটি বৈঠক সেরে রেখেছেন। ফলে লড়াইয়ের ময়দান যে প্রস্তুত, তা দুই শিবিরের তৎপরতা থেকেই স্পষ্ট।

এবারের নির্বাচনে ভবানীপুর কেন্দ্রটি গোটা দেশের নজর কেড়েছে। নন্দীগ্রামের হারের পর খাস কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের গড়ে লড়াই করছেন তাঁর একদা সেনাপতি শুভেন্দু অধিকারী। ফলে এই কেন্দ্রে জয়-পরাজয় শুধুমাত্র একটি আসনের লড়াই নয়, বরং এক বিরাট রাজনৈতিক সম্মানের লড়াই হয়ে দাঁড়িয়েছে। গত ২৯ এপ্রিল এই কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। তৃণমূল সূত্রের দাবি, গত শনিবারই মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি সমস্ত প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছেন এবং গণনাকেন্দ্রে প্রতি মুহূর্তের আপডেট দিতে বলেছেন। কোনও কেন্দ্রে ব্যবধান খুব কম থাকলে অবিলম্বে পুনর্গণনার দাবি জানানোর যে নির্দেশ মমতা দিয়েছিলেন, আজ ভবানীপুরের এজেন্টদের সেই বিষয়টিই হাতে-কলমে শিখিয়ে দেবেন তিনি। খাস কলকাতায় তৃণমূলের দুর্গে শুভেন্দু থাবা বসাতে পারেন কি না, নাকি মমতা নিজের গড় রক্ষা করবেন, তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে। আজকের এই বৈঠক সেই মাহেন্দ্রক্ষণের আগে তৃণমূলের শেষ মুহূর্তের ‘ফাইনাল টাচ’।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper