Khabor Ekhon
মেগা ফাইট: লক্ষ্য নন্দীগ্রাম ও ভবানীপুর
বঙ্গ রাজনীতির পারদ চড়ছে হু হু করে। একদিকে ডায়মন্ড হারবারের মাটি থেকে দাঁড়িয়ে নন্দীগ্রামে তৃণমূলের জয়ের সুনিশ্চিত ভবিষ্যদ্বাণী করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে ভবানীপুরের রাজপথে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় হারানোর চ্যালেঞ্জ ছুঁড়ছেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে ভোট-যুদ্ধের আবহে দুই হেভিওয়েট নেতার বাকযুদ্ধ এখন মধ্যগগনে।
শুক্রবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে তৃণমূল প্রার্থী পান্নালাল হালদারের সমর্থনে আয়োজিত এক মেগা রোড শো-তে যোগ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে জনসমুদ্রের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বড়সড় এক রাজনৈতিক ভবিষ্যদ্বাণী করেন। অভিষেক বলেন, “২০২৪ সালেও আমি এই মাটিতে দাঁড়িয়ে যা যা বলেছিলাম, সব সত্যি হয়েছে। আজ আবারও একটা কথা দিয়ে যাচ্ছি, আপনারা লিখে রাখুন— নন্দীগ্রামে এবার তৃণমূল জিতবে। পবিত্র করের জয় নিশ্চিত।” নন্দীগ্রামের ফলাফল নিয়ে তৃণমূল কতটা আত্মবিশ্বাসী, তা অভিষেকের শরীরী ভাষাতেই স্পষ্ট ছিল। তিনি আরও যোগ করেন, “আগামী ৪ মে ভোটের ফলাফল বেরোলেই স্পষ্ট হয়ে যাবে সব। আমি সেদিন আসব, আপনাদের সঙ্গে সবুজ আবির খেলব।” উল্লেখ্য, নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর একসময় শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে জিতলেও গত মার্চ মাসে তিনি ঘাসফুল শিবিরে নাম লেখান এবং তৃণমূল তাঁকে সরাসরি নন্দীগ্রামের রণক্ষেত্রে সেনাপতি করে পাঠায়।
অভিষেক যখন দক্ষিণে আত্মবিশ্বাসের সুর চড়াচ্ছেন, ঠিক সেই সময় খোদ মুখ্যমন্ত্রীর পাড়া ভবানীপুরে দাঁড়িয়ে উল্টো সুর গাইলেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নন্দীগ্রামে ভোট মিটেছে। আর শুক্রবার ভবানীপুরে জোড়া সভা করে শুভেন্দুর দাবি, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থীকে তিনি কার্যত ‘বোতলবন্দি’ করে ছেড়েছেন। শুভেন্দুর কথায়, “নন্দীগ্রামের ভোট হয়ে গিয়েছে, তৃণমূল প্রার্থীকে আমি ডাব্বায় পুরে দিয়েছি। এখন আমার লক্ষ্য ভবানীপুর।” ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে এনে তিনি ভবানীপুরের ভোটারদের মনে করিয়ে দেন যে, “আপনারা কি ভাবেন মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজেয়? নন্দীগ্রামে আমি ওঁকে ১,৯৫৬ ভোটে হারিয়ে দেখিয়ে দিয়েছি। মানুষ পাশে থাকলে অসাধ্য সাধন সম্ভব। যেমন আমি লক্ষ্মণ শেঠকে তাঁর গড়ে হারিয়েছিলাম, তেমনই মমতাকে হারিয়েছিলাম, এবারও হারাব।”
শুভেন্দু শুধু চ্যালেঞ্জ জানিয়েই ক্ষান্ত হননি, ভবানীপুরের মানুষের জন্য একগুচ্ছ প্রতিশ্রুতিও দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ‘ভবানীপুরের ঘরের মেয়ে’ হিসেবে দাবি করলেও শুভেন্দু তাঁকে টেক্কা দিতে জানান, জিতলে তিনি ভবানীপুরেই নিজের বাড়ি এবং বিধায়ক কার্যালয় করবেন। তিনি বলেন, “এত বছর আপনারা বিধায়কের দেখা পাননি। আমি জিতলে এখানকার আটটি ওয়ার্ডে আটটি অফিস করব। মানুষের বিপদে-আপদে পাশে থাকব।” একই সঙ্গে শাসকদলের বিরুদ্ধে ‘তোলাবাজি’র অভিযোগ তুলে তিনি আক্রমণাত্মক মেজাজে বলেন, “তৃণমূলের রাজত্বে ফ্ল্যাটের নাটবল্টু টাইট করতে গেলেও নাকি টাকা দিতে হয়। আমি এই তোলাবাজি সংস্কৃতি বন্ধ করতে এসেছি।” হিন্দুত্বের তাস খেলে ভোটারদের একজোট হওয়ার ডাক দিয়ে তিনি জানান, ২৯ তারিখ ভোট উৎসবের দিন মানুষ যেন ভয় না পেয়ে বুথে যান।
অন্যদিকে, নন্দীগ্রামের ভোট নিয়ে তৃণমূলের অন্দরেও প্রবল উত্তেজনা রয়েছে। ২০২১ সালে সেই আসনে পরাজয়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট লুঠের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এবার সেই একই কেন্দ্রে পবিত্র করের হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আগাম জয়ের দাবি রাজনৈতিক মহলে তীব্র চর্চার সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একদিকে নন্দীগ্রামের মানরক্ষা আর অন্যদিকে ভবানীপুরের গড় রক্ষা— এই দুই সমীকরণেই এখন আটকে আছে বাংলার ভাগ্য। একদিকে অভিষেকের ‘প্রেডিকশন’ আর অন্যদিকে শুভেন্দুর ‘গ্যারান্টি’, কার পাল্লা ভারী হবে তা জানতে এখন প্রহর গুনছে সাধারণ মানুষ। ভবানীপুরের অলিতে-গলিতে এখন একটাই প্রশ্ন, গতবারের নন্দীগ্রামের ইতিহাসের পুনরাবৃত্তি কি এবার খাস কলকাতায় ঘটবে, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যদ্বাণী মিলিয়ে দিয়ে নন্দীগ্রাম পুনরুদ্ধার করবে তৃণমূল? আপাতত ২৯ এপ্রিলের ভোট এবং ৪ মে-র ফলাফলের দিকেই তাকিয়ে গোটা রাজ্য।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

