Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

স্বস্তিকা-পাওলির দুরন্ত ‘বিবি পায়রা’

0 5,498,716,802

রুচিরা রায়: টলিউড যখন নানা অন্দরমহলের তরজা আর প্রাক-নির্বাচনী উত্তাপে সরগরম, ঠিক তখনই প্রেক্ষাগৃহে এক ঝলক টাটকা বাতাস নিয়ে এল পরিচালক অর্জুন দত্তর নতুন ছবি ‘বিবি পায়রা’। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই পরিচালকের আগের কাজগুলোর তুলনায় এই ছবি সম্পূর্ণ আলাদা ঘরানার। সিরিয়াস বিষয়কে যে হালকা মেজাজে, ডার্ক কমেডির মোড়কে পরিবেশন করা যায়, অর্জুন তা প্রমাণ করে দিয়েছেন।

ছবির মূল সম্পদ এর চিত্রনাট্য এবং দুই প্রধান অভিনেত্রী— স্বস্তিকা মুখোপাধ্যায় (শিউলি) ও পাওলি দাম (ঝুমা)। নিম্নবিত্ত পরিবারের দুই গৃহবধূর চরিত্রে তাঁদের রসায়ন যেন ‘দুই নারী হাতে তরবারি’। শিউলি যেখানে সরল ও বাচাল, ঝুমা সেখানে পরিস্থিতির চাপে ডাকাবুকো। দুজনেই নিজেদের দাম্পত্য জীবনে অসুখী এবং পুরুষতন্ত্রের যাঁতাকলে পিষ্ট। বন্ধ দরজার আড়ালে শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার এই দুই নারী যখন একে অপরের মুখোমুখি হয়, তখন শুরু হয় এক নতুন লড়াই। অর্থনৈতিক পরনির্ভরশীলতা সত্ত্বেও তাঁরা নিজেদের মতো করে উড়তে চায়, প্রয়োজনে স্বামীর বিরুদ্ধে রুখে দাঁড়াতেও দ্বিধা করে না।

পরিচালক অর্জুন দত্ত ও আশীর্বাদ মৈত্রের লেখা চিত্রনাট্যটি অত্যন্ত বাস্তবধর্মী। এখানে শুধু নারীরাই নয়, প্রতিটি পুরুষ চরিত্রকেও সুনিপুণভাবে পিতৃতন্ত্রের শিকার হিসেবে দেখানো হয়েছে। ছবির প্রথমার্ধ হাস্যকৌতুক ও সিচুয়েশনাল কমেডিতে ভরপুর হলেও পরতে পরতে লুকিয়ে আছে সামাজিক সত্য। পাওলি দামের সংযত অথচ কার্যকরী অভিনয় এবং স্বস্তিকার চরিত্রের চাহিদা অনুযায়ী সাবলীলতা ছবিটিকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে।

পার্শ্বচরিত্রেও রয়েছে চমক। স্বস্তিকার নারীবিদ্বেষী স্বামীর ভূমিকায় অনির্বাণ চক্রবর্তী আগাগোড়া অনবদ্য। ইনসিওরেন্স এজেন্টের চরিত্রে অনিন্দ্য সেনগুপ্ত এবং টক্সিক বসের ভূমিকায় লোকনাথ দে অত্যন্ত বিশ্বাসযোগ্য অভিনয় করেছেন। এ ছাড়াও অঙ্কিতা মাঝি, সুব্রত দত্ত ও ভবানী বসু মজুমদারের পারফরম্যান্স ছবির বাঁধুনি শক্ত করেছে।

যদিও দ্বিতীয়ার্ধে ক্লাইম্যাক্সে পৌঁছানোর তাড়াহুড়ো এবং কিছু সাবপ্লটের আধিক্য মূল ফোকাসকে কিছুটা নাড়িয়ে দেয়, তবুও সুপ্রতিম ভোলের সিনেমাটোগ্রাফি এবং ঝকঝকে এডিটিং সেই খামতি ঢেকে দিয়েছে। সব মিলিয়ে, তথাকথিত গার্হস্থ্য হিংসার কান্নাকাটি সরিয়ে রেখে ‘বিবি পায়রা’ এক অন্ধকার সময়ের উজ্জ্বল গল্প বলে। খুব বেশি যুক্তির জাল না বুনে প্রেক্ষাগৃহে গিয়ে এই দুই ‘পায়রার’ উড্ডয়ন উপভোগ করাই যায়।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper