Khabor Ekhon
প্রসবের তাড়াহুড়োয় ছিন্নভিন্ন নবজাতক মাথা রয়ে গেল মায়ের গর্ভেই
গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার কঙ্কালসার চেহারা আর এক স্বাস্থ্যকর্মীর চরম অমানবিক গাফিলতিতে প্রাণ হারাল এক নবজাতক। অ্যাম্বুল্যান্সের ভেতর তাড়াহুড়ো করে প্রসব করানোর চেষ্টায় দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেল শিশুর। দেহটি বাইরে বেরিয়ে এলেও কাটা মাথাটি রয়ে যায় মায়ের জঠরেই। উত্তরপ্রদেশের বস্তি জেলার এই হাড়হিম করা ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে বিরল এই মর্মান্তিক পরিণতির শিকার হয়েছেন প্রেমা দেবী নামের এক সাত মাসের অন্তঃসত্ত্বা মহিলা।
ঘটনার সূত্রপাত সোমবার রাতে। পরিবার সূত্রে জানা গেছে, সাত মাসের গর্ভবতী প্রেমা দেবীর আকস্মিক প্রসব বেদনা শুরু হলে তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্স ডাকা হয়। হাসপাতালে পৌঁছনোর পথেই ওই মহিলার যন্ত্রণা তীব্র আকার ধারণ করে। অভিযোগ, সেই সময় অ্যাম্বুল্যান্সে উপস্থিত আশাকর্মী কোনও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ না নিয়ে কিংবা হাসপাতালে পৌঁছনোর অপেক্ষা না করেই নিজেই প্রসব করানোর সিদ্ধান্ত নেন। পরিস্থিতি জটিল বুঝে প্রেমা দেবীকে তড়িঘড়ি ব্যথানাশক ইনজেকশন দেওয়া হয় এবং অস্বাভাবিক বলপ্রয়োগ করে স্বাভাবিক প্রসবের চেষ্টা করা হয়।
প্রসূতির স্বামী রামপ্রবেশের অভিযোগ, ওই আশাকর্মী ও অন্য এক স্বাস্থ্যকর্মীর বেপরোয়া টানাটানিতেই ঘটে যায় সেই ভয়ংকর কাণ্ড। তিনি বলেন, “তারা এত জোরে শিশুটিকে বাইরে বের করার চেষ্টা করছিল যে দেহটি ছিঁড়ে বেরিয়ে আসে, কিন্তু মাথাটি ভেতরেই আটকে যায়।” ঘটনার বীভৎসতা দেখে ঘাবড়ে যান উপস্থিত স্বাস্থ্যকর্মীরা। তড়িঘড়ি ঘটনা ধামাচাপা দিতে এবং রক্তপাত বন্ধ করতে প্রসূতিকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ‘অবস্থা সংকটজনক’ বলে প্রসূতিকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
জেলা হাসপাতালের শল্য চিকিৎসকরা আল্ট্রাসাউন্ড করার পর দেখেন, শিশুর ছিন্ন মাথাটি জরায়ুর গভীরে আটকে রয়েছে। অবিলম্বে শুরু হয় অস্ত্রোপচার। চিকিৎসকরা দীর্ঘ প্রচেষ্টার পর মৃত শিশুর মস্তক উদ্ধার করেন। হাসপাতালের প্রধান স্বাস্থ্য আধিকারিক জানান, “এটি অত্যন্ত নৃশংস ও ঝুঁকিপূর্ণ ঘটনা। সঠিক সময়ে অস্ত্রোপচার না হলে সংক্রমণের কারণে মায়ের প্রাণহানি হতে পারত। বর্তমানে প্রসূতি স্থিতিশীল থাকলেও তিনি গভীর মানসিক ট্রমার মধ্যে রয়েছেন।”
ইতিমধ্যেই অভিযুক্ত আশাকর্মী ও অ্যাম্বুল্যান্স কর্মীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, ওই কর্মীরা প্রসব করানোর মতো কারিগরি বা চিকিৎসাগত প্রশিক্ষণে যোগ্য ছিলেন না। গ্রামীণ স্তরে প্রসবের ক্ষেত্রে কেন এই ধরনের চূড়ান্ত ঝুঁকি নেওয়া হল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা না হলেও জেলা প্রশাসন বিভাগীয় তদন্তের আশ্বাস দিয়েছে। এই ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে মানবাধিকার সংগঠনগুলো।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

