Khabor Ekhon
মুম্বইয়ে কনসার্টে মাদক-তাণ্ডব: মৃত ২
গ্ল্যামার আর আলোর রোশনাইয়ের আড়ালে মরণনেশার মরণ কামড়। মুম্বইয়ের গোরেগাঁওয়ের এনএসকো (NESCO) সেন্টারে আয়োজিত এক বিলাসবহুল মিউজিক কনসার্টে নিষিদ্ধ মাদকের ‘ওভারডোজে’ মৃত্যু হল দুই এমবিএ পড়ুয়ার। মৃতদের মধ্যে রয়েছেন ২৪ বছর বয়সী এক তরুণী এবং ২৮ বছর বয়সী এক যুবক। এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও এক তরুণী হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমে পুলিশ আয়োজক ও মাদক সরবরাহকারীসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে।
গত ১১ এপ্রিল রাতের সেই অনুষ্ঠানে প্রায় ৪ হাজার দর্শকের ভিড় ছিল। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, উচ্চস্বরে গান আর নাচের আড়ালে সেখানে অবাধে চলছিল নিষিদ্ধ মাদক ‘MDMA’ বা এক্সট্যাসির সেবন। রাত ১২টা নাগাদ তিন পড়ুয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই দু’জনের মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃত যুবক কনসার্টে আসার পথেই ট্যাক্সিতে একটি পিল খেয়েছিলেন এবং ভেতরে ঢুকে দ্বিতীয়বার মাদক সেবন করেন, যা তাঁর শরীরের সহ্যক্ষমতার বাইরে চলে যায়।
মুম্বই পুলিশের দাবি, এই মাদক চক্রের জাল ভিন রাজ্য পর্যন্ত বিস্তৃত। পুলিশ ইতিমধ্যেই পিল সরবরাহকারী এক ছাত্রকে গ্রেফতার করেছে এবং তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। এছাড়াও কর্তব্যে গাফিলতি ও মাদক যোগের অভিযোগে ইভেন্ট অর্গানাইজার বিহান ওরফে আকাশ সামল, সানি বিনোদ জৈন এবং নিরাপত্তা রক্ষী বালকৃষ্ণন বলরামকে শ্রীঘরে পাঠানো হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই রাতের একটি ভিডিও দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। বিলাসবহুল এই ইভেন্টগুলোতে নিরাপত্তার ফাঁক গলে কীভাবে মাদক ঢুকছে, তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এনএসকো কর্তৃপক্ষ তদন্তে সহযোগিতার আশ্বাস দিলেও, দুই সম্ভাবনাময় ছাত্রছাত্রীর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বাণিজ্য নগরীতে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

