Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

গুন্ডাদের জন্য বার্নল-বোরোলিন বরাদ্দ, অভিনব হুঁশিয়ারি কমিশনের

0 81,908,769,345

বিধানসভা নির্বাচনের প্রথম দফার মাত্র ১০ দিন আগে এক বেনজির ও ‘ফিল্মি’ মেজাজের পোস্ট করে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিল নির্বাচন কমিশন। দক্ষিণ কলকাতার জেলা নির্বাচনী আধিকারিকের (DEO) সোশ্যাল মিডিয়া পেজ থেকে করা এই পোস্টে একদিকে সাধারণ ভোটারদের নির্ভয়ে বুথে আসার অভয় দেওয়া হয়েছে, অন্যদিকে সমাজবিরোধীদের উদ্দেশে দেওয়া হয়েছে চরম হুঁশিয়ারি। প্রশাসনিক বিজ্ঞপ্তির চেনা গাম্ভীর্য ঝেড়ে ফেলে এই পোস্টে ‘বার্নল’ ও ‘বোরোলিন’ মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে অপরাধীদের।
কমিশনের ওই পোস্টে আমির খান ও মাধুরী দীক্ষিত অভিনীত বিখ্যাত গানের কলি— ‘হাম প্যায়ার করনে ওয়ালে, দুনিয়া সে না ডরনে ওয়ালে… ইয়ার জ্বলনে ওয়ালে কো জ্বালায়েঙ্গে’ ব্যবহার করা হয়েছে। ক্যাপশনে ভোটারদের উদ্দেশে লেখা হয়েছে, “সকল মা, বোন ও ভাইদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান করা হচ্ছে।” ঠিক তার পরেই আক্রমণাত্মক সুরে অপরাধীদের সাবধান করে জানানো হয়েছে যে, ভোটে বাধা দেওয়ার চেষ্টা করলে এমন ব্যবস্থা নেওয়া হবে যার উত্তাপ সহ্য করার ক্ষমতা গুন্ডাদের থাকবে না। তাই আগেভাগেই যেন তারা পর্যাপ্ত পরিমাণে পোড়া ক্ষতের মলম বার্নল ও বোরোলিন মজুত রাখে।
রাজনৈতিক মহলের মতে, এই পোস্টটি কেবল রসিকতা নয়, বরং এর গভীরে লুকিয়ে আছে কঠোর প্রশাসনিক বার্তা। সাম্প্রতিককালে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া বা প্রশাসনিক রদবদল নিয়ে শাসকদলের পক্ষ থেকে কমিশনের নিরপেক্ষতা নিয়ে বারবার প্রশ্ন তোলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিক সভায় কমিশনের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন। ওয়াকিবহাল মহলের ধারণা, নাম না করে সেই রাজনৈতিক আক্রমণের পাল্টা জবাব দিতেই এই বিশেষ বিশেষ মলমের অনুষঙ্গ টেনে এনেছে কমিশন।
ভোটের উত্তাপে যখন প্রার্থীরা রুটি বেলা বা পুকুরে জাল ফেলার মতো নানা উপায়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন, তখন কমিশনের এই ছকভাঙা প্রচার ঘিরে ডিজিটাল দুনিয়ায় হাসাহাসিও চলছে। তবে বার্তার সুর স্পষ্ট— বাংলায় ভোটের ময়দানে কোনো প্রকার অশান্তি বা দাদাগিরি বরদাস্ত করা হবে না। কোনো অশুভ শক্তি যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাধা দিতে আসে, তবে তাদের জন্য উপযুক্ত ‘উপহার’ তৈরি রেখেছে কমিশন। প্রশাসনের এই স্পষ্ট ইঙ্গিত দহন কেবল অপরাধীদের ভাগ্যেই বরাদ্দ হতে চলেছে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper