Khabor Ekhon
মমতার পাশে ১৭ সাংসদ, ৩৮ বিধায়কের হলফনামা নিয়ে কমিশনে তৃণমূল
শ্রীতমা ব্যানার্জী :তৃণমূলের দখলদারি নিয়ে রাজনৈতিক লড়াই এবার আরও জোরাল। নিজেদের আসল তৃণমূল প্রমাণ করতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা। রবিবার দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে দুই ট্রাক ভর্তি নথি ও হলফনামা জমা দিল কালীঘাট শিবির। সেই হলফনামায় রয়েছেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে ১৭ জন সাংসদ এবং মোট ৩৮ জন বিধায়ক।এই ৩৮ জন বিধায়কের মধ্যে পশ্চিমবঙ্গের ৩২ জন, মেঘালয়ের পাঁচ জন এবং অসমের একজন রয়েছেন। রবিবার দিল্লিতে কমিশনের দফতরে নথি জমা দিতে যান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন এবং ডেরেক ও’ব্রায়েন। কল্যাণের দাবি, হলফনামার মূল কপি, হার্ডকপি এবং সফটকপি সবই কমিশনের হাতে তুলে দেওয়া হয়েছে। আরও নথি নিয়ে একটি ট্রাক দিল্লিতে পৌঁছবে বলেও জানান তিনি।দলের সাংগঠনিক নিয়ন্ত্রণ, নাম এবং নির্বাচনী প্রতীক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূলের সংঘাত চলছে। এর আগে ৫ নভেম্বর নির্বাচন কমিশনের কাছে নিজেদের দাবির সমর্থনে নথি জমা দিয়েছিল ঋতব্রত শিবির। তাদের দাবি, বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকের সমর্থন রয়েছে তাদের পক্ষে।অন্যদিকে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, মমতা শিবিরের জমা দেওয়া হলফনামাগুলি আসল। পাশাপাশি প্রতিপক্ষের জমা দেওয়া নথির সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, পুলিশ ও প্রশাসনের প্রভাব খাটিয়ে বিরোধী শিবিরের পক্ষে হলফনামায় সই করানো হয়েছে এবং বেশ কিছু স্বাক্ষর জাল করা হয়েছে। যদিও এই অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই হয়নি।কল্যাণের দাবি, লোকসভার আট জন এবং রাজ্যসভার ন’জন সাংসদ মমতা শিবিরের হলফনামায় সই করেছেন। নতুন দল এনসিপিআইয়ে যোগ দেওয়া কোনও সাংসদ এই নথিতে স্বাক্ষর করেননি বলেও দাবি তাঁর। তৃণমূলের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যেও ছ’জন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে হলফনামা দিয়েছেন বলে জানান তিনি।অন্যদিকে, গণতান্ত্রিক তৃণমূলের বিধায়ক আখরুজ্জামানের দাবি, তাঁদের পক্ষে ১২ লক্ষেরও বেশি নেতা, কর্মী ও সমর্থকের হলফনামা জমা পড়েছে। তাঁর বক্তব্য, দলের নাম ও জোড়াফুল প্রতীক তাঁদের কাছেই থাকবে।সব মিলিয়ে তৃণমূলের রাজনৈতিক লড়াই এখন নির্বাচন কমিশনের দরজায়। শেষ পর্যন্ত দলের নাম, প্রতীক এবং সাংগঠনিক নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, সেই সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

