Khabor Ekhon
পুজোর বিতর্ক পেরিয়ে বই নিয়ে জনতার দুয়ারে সিপিএম
শ্রীতমা ব্যানার্জী:দুর্গাপুজোয় বুকস্টল ঘিরে বিতর্ক, ভাঙচুর ও রাজনৈতিক সংঘাতের পর এবার নতুন পথে জনসংযোগে নামল সিপিএম। স্থায়ী বুকস্টল বসানোর পরিবর্তে বই নিয়ে সরাসরি মানুষের দরজায় পৌঁছে গেলেন বাম কর্মী, ছাত্র ও যুব সংগঠনের সদস্যরা। রবিবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় শুরু হল এই অভিনব কর্মসূচি। যাদবপুর থেকে বিধাননগর, একাধিক জায়গায় হাতগাড়ি ও রিকশায় বই সাজিয়ে পাড়ায় পাড়ায় ঘুরতে দেখা গেল বাম কর্মীদের।পুজোর সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে সিপিএমের বইয়ের স্টলে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও কম হয়নি। যাদবপুরে বুলডোজার দিয়ে বুকস্টল সরানোর চেষ্টার বিরুদ্ধে স্থানীয় বাসিন্দা ও বাম কর্মীরা প্রতিরোধ গড়ে তুলেছিলেন। এবার সেই ঘটনার প্রতিবাদকে আরও বৃহত্তর জনসংযোগ কর্মসূচিতে পরিণত করতে চাইছে দল।যাদবপুরে এই কর্মসূচিতে অংশ নেন অভিনেতা দেবদূত ঘোষ, স্থানীয় বাম নেতৃবৃন্দ এবং ছাত্র-যুব কর্মীরা। তাঁদের স্লোগান ছিল, ‘যাদবপুর বইয়ের পাশে, বুলডোজারকে রুখে দিয়ে’ এবং ‘হাতে হাতে বই, পাড়ায় পাড়ায় সিপিএম’। আয়োজকদের দাবি, বহু মানুষ বই কিনেছেন। কেউ কেউ কর্মীদের সঙ্গে বই বিনিময়ও করেছেন।অভিনেতা দেবদূত ঘোষের অভিযোগ, মানুষের মধ্যে জ্ঞান ও সচেতনতা ছড়িয়ে পড়ুক, তা চায় না বলেই বইয়ের স্টলগুলিকে নিশানা করা হয়েছিল। তবে হামলার মুখেও তাঁরা পিছিয়ে যাননি। বরং বই নিয়ে মানুষের কাছে পৌঁছনোর পথ বেছে নিয়েছেন।বিধাননগরেও সিপিএমের এক নম্বর এরিয়া কমিটির উদ্যোগে একই কর্মসূচি পালিত হয়। হাতগাড়ি ও রিকশায় বই নিয়ে বিভিন্ন এলাকায় ঘোরেন দলের কর্মীরা। স্থানীয় নেতা বুম্বা মৈত্র জানান, পুজোর সময় বুকস্টলে হামলা এবং সেগুলি বন্ধ করে দেওয়ার চেষ্টার প্রতিবাদেই এই উদ্যোগ।বুকস্টলের বইয়ের তালিকা নিয়েও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বামেদের স্টলে মার্কস ও লেনিনের বইয়ের প্রাধান্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁর অভিযোগ ছিল, সেখানে স্বামী বিবেকানন্দ, গীতা এবং বাংলার ইতিহাস সংক্রান্ত বইয়ের উপস্থিতি নেই। কিন্তু সেই বিতর্কে পিছিয়ে না এসে সিপিএমের মোবাইল বুকস্টলে জায়গা পেয়েছে ‘টেন ডেজ দ্যাট শুক দ্য ওয়ার্ল্ড’, ‘স্টিল’ এবং ‘সাভারকর অ্যান্ড হিন্দুত্ব’-এর মতো বই।মহম্মদ সেলিম ও সুজন চক্রবর্তীর পরিকল্পনায় এই কর্মসূচিকে পুরসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক জনসংযোগের হাতিয়ার করতে চাইছে বাম নেতৃত্ব। বইকে সামনে রেখে মানুষের কাছে পৌঁছনো, পুরনো যোগাযোগ ফিরিয়ে আনা এবং নতুন প্রজন্মের সঙ্গে সম্পর্ক তৈরি করাই এখন দলের লক্ষ্য।রাজনৈতিক লড়াইয়ের ময়দান থেকে বইয়ের পাতায়, এবার জনসংযোগের নতুন অস্ত্র হিসেবে বইকেই বেছে নিল সিপিএম।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

