Khabor Ekhon
২০২৯ চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০৩১ বিশ্বকাপ,ভারতের ঘরে জোড়া ধামাকা
সঞ্জয় মিত্র:বিশ্ব ক্রিকেটের আগামী কয়েক বছরের রূপরেখা স্পষ্ট করে দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের একাধিক বড় আন্তর্জাতিক প্রতিযোগিতার সময়সীমা ও আয়োজক দেশ চূড়ান্ত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আর এই সূচিতে বড় প্রাপ্তি ভারতের। ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এককভাবে আয়োজন করবে ভারত। পাশাপাশি ২০৩১ সালের একদিনের বিশ্বকাপ বাংলাদেশের সঙ্গে যৌথভাবে আয়োজনের দায়িত্বও পেয়েছে ভারত। ইন্দোনেশিয়ার বালিতে ১১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলা আইসিসির বোর্ড ও কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে শুরু হবে নতুন সূচির এই পর্যায়। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যৌথভাবে আয়োজন করবে সেই প্রতিযোগিতা।১২অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট।২০২৯ সালে ভারতের মাটিতে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ৯ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত চলবে প্রতিযোগিতা। একই বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।এরপর ২০৩০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।২০৩১ সালে আবারও বিশ্ব ক্রিকেটের নজর থাকবে উপমহাদেশে। ৯ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ভারত ও বাংলাদেশ যৌথভাবে আয়োজন করবে একদিনের বিশ্বকাপ।২০৩২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ এখনও চূড়ান্ত হয়নি। ২০৩৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে। ২০৩৪ সালে রয়েছে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০৩৫ সালে হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং একদিনের বিশ্বকাপ। এই দুই প্রতিযোগিতার আয়োজক দেশ এখনও ঘোষণা করেনি আইসিসি।বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল প্রতি দুই বছর অন্তর জুন মাসে আয়োজনের ধারাও বজায় রাখার সিদ্ধান্ত হয়েছে। ২০২৯ ও ২০৩১ সালের ফাইনাল আয়োজন করবে ইংল্যান্ড।সব মিলিয়ে আগামী দশকের আন্তর্জাতিক ক্রিকেটের ক্যালেন্ডারে ভারতের গুরুত্ব আরও বাড়ল। দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য ২০২৯ ও ২০৩১, দু’টি বছরই হতে চলেছে বিশেষ আকর্ষণের।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

