Khabor Ekhon
প্রেম ভাঙতেই হিংস্র প্রতিশোধ, বলি দুই নিরীহ সারমেয়
নিরুপমা বসু :সম্পর্ক ভাঙার যন্ত্রণা, নাকি প্রতিশোধের উন্মত্ততা? প্রেমিকা তাঁকে ছেড়ে চলে গিয়েছেন, আর তারই প্রতিশোধ নিতে নিরীহ দুই অবলা প্রাণীকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল দক্ষিণ কলকাতার এক যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, অভিযোগ, নিজের হাতে পোষ্যদের হত্যা করার দৃশ্য ভিডিও কল করে প্রাক্তন সঙ্গিনীকে দেখিয়েছেন তিনি। যাদবপুরের বিক্রমগড়ের এই ভয়াবহ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দা থেকে পশুপ্রেমীরা।অভিযুক্তের নাম সঞ্জীব ভট্টাচার্য। তাঁর সঙ্গে ডিজে পেশার সঙ্গে যুক্ত পারিনোভা নামে এক মহিলার লিভ-ইন সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে। দু’জনেই বিক্রমগড়ের একটি ভাড়া ফ্ল্যাটে থাকতেন। সম্প্রতি সম্পর্কে অবনতি হওয়ায় ওই মহিলা ফ্ল্যাট ছেড়ে চলে যান। তাঁর কয়েকটি পোষ্য কুকুর ও বিড়াল ফ্ল্যাটে থেকে যায়। অভিযোগ, সম্পর্ক ভেঙে যাওয়ার ক্ষোভ থেকেই পোষ্যদের উপর আক্রোশ ঝাড়েন সঞ্জীব।শনিবারের ঘটনা সামনে আসতেই শিউরে ওঠেন প্রতিবেশীরা। অভিযোগ, একটি বিগল কুকুরকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়। অন্য একটি দেশি কুকুরকে ইট দিয়ে আঘাত করে মেরে ফেলার অভিযোগ উঠেছে। আরও ভয়ঙ্কর বিষয়, একটি কুকুরকে হত্যার দৃশ্য ভিডিও করে প্রাক্তন সঙ্গিনীকে পাঠানো হয়েছিল বলে অভিযোগ। সেই ভিডিও দেখেই আতঙ্কিত হয়ে পরিচিতদের খবর দেন মহিলা। এরপর স্থানীয় বাসিন্দারা ফ্ল্যাটে পৌঁছে ভয়াবহ দৃশ্য দেখতে পান।ঘটনাস্থলে রক্তের দাগ, ইট এবং ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।অভিযোগ, আরও পোষ্যকে আঘাত করার আশঙ্কাও তৈরি হয়েছিল। স্থানীয় বাসিন্দা ও পশুপ্রেমীদের তৎপরতায় বাকি পোষ্যদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন অভিনেত্রী তথা পশুপ্রেমী দেবলীনা দত্ত এবং অন্যান্য পশু অধিকার কর্মীরা। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি ওঠে। পরে যাদবপুর থানার পুলিশ অভিযুক্তকে আটক করে এবং ঘটনার তদন্ত শুরু করে। মৃত দুই কুকুরের ময়নাতদন্তের দাবিও জানিয়েছেন পশুপ্রেমীরা।এই ঘটনায় নতুন করে সামনে এসেছে সম্পর্কের নামে হিংসা এবং নিরীহ প্রাণীদের উপর প্রতিশোধ নেওয়ার ভয়াবহ প্রবণতা। মানুষের ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের দায় কেন বইবে নির্বাক প্রাণীরা? সেই প্রশ্নেই এখন উত্তাল বিক্রমগড়।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

