Khabor Ekhon
দিল্লিকে ঢাকা সাজিয়ে বিপাকে চিনা ভ্লগাররা
মোমিনুল(বাংলাদেশ)বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারত-বিরোধী প্রচার চালানোর অভিযোগে চিনা ভ্লগারদের বিরুদ্ধে নজরদারি বাড়াল বাংলাদেশের প্রশাসন। ঢাকার বিভিন্ন দরিদ্র ও ঘনবসতিপূর্ণ এলাকাকে ভারতের রাজধানী নয়াদিল্লি বলে পরিচয় করিয়ে দিয়ে একের পর এক ভিডিও তৈরি ও সম্প্রচারের অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। ভারতের আপত্তির পরই বিষয়টি নিয়ে তৎপর হয়েছে বাংলাদেশের পুলিশ ও গোয়েন্দা বিভাগ। ইতিমধ্যেই অনেকটাই কমেছে অভিযুক্ত চিনা নাগরিকদের ভিডিও তৈরির কার্যকলাপ।বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, ঢাকার উত্তরা ও টেকপাড়া এলাকায় প্রায় ১৫০ জন চিনা নাগরিককে ভিডিও তৈরি এবং সরাসরি সম্প্রচারের কাজে যুক্ত থাকতে দেখা গিয়েছিল। সকাল থেকে রাত পর্যন্ত এলাকার অলিগলি, সাধারণ মানুষের বাড়িঘর এবং দৈনন্দিন জীবনযাত্রার ছবি ক্যামেরাবন্দি করতেন তাঁরা। অভিযোগ, সেই ছবিগুলিকেই চিনের বিভিন্ন সামাজিক মাধ্যমের মঞ্চে নয়াদিল্লির দৃশ্য বলে প্রচার করা হচ্ছিল। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রা, পরিচ্ছন্নতা এবং পরিবেশ নিয়েও অবমাননাকর মন্তব্য করা হচ্ছিল।এই ঘটনা সামনে আসার পর গত ১০ নভেম্বর সরব হয় ভারতের বিদেশ মন্ত্রক। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, কোনও দেশের ভূখণ্ডকে ব্যবহার করে অন্য একটি দেশের বিকৃত ছবি তুলে ধরা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এ ধরনের মিথ্যা প্রচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানায় নয়াদিল্লি।এরপরই নড়েচড়ে বসে বাংলাদেশের প্রশাসন। উত্তরা পশ্চিম থানার আধিকারিক মহম্মদ খালিদ মনসুর জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপের পর চিনা নাগরিকদের এই ধরনের কার্যকলাপ অনেকটাই কমেছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থার নজরদারিও বাড়ানো হয়েছে। অভিযুক্তদের পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত নথি দেখাতে বলা হয়েছে। পাশাপাশি নির্ধারিত থাকার মেয়াদ শেষ হলে তাঁদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে কি না, কিংবা ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে নির্দিষ্ট কোনও আইনি পদক্ষেপ করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়।সবচেয়ে উদ্বেগের বিষয়, এই ভিডিও তৈরির সময় স্থানীয় বাসিন্দাদের ব্যক্তিগত পরিসরও যে প্রশ্নের মুখে পড়েছিল, তার অভিযোগ উঠেছে। কয়েকজন বাসিন্দার দাবি, তাঁদের অনুমতি ছাড়াই বাড়ির ভিতরে ঢুকে ছবি তোলা হয়েছে। ফলে বিষয়টি শুধু ভারত-বিরোধী প্রচারের অভিযোগে সীমাবদ্ধ নেই, নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তা এবং বিদেশি নাগরিকদের কর্মকাণ্ডের উপর প্রশাসনিক নজরদারির প্রশ্নও সামনে এসেছে।কূটনৈতিক সম্পর্কের সমীকরণে এই ঘটনা নতুন করে অস্বস্তি তৈরি করেছে। সামাজিক মাধ্যমের যুগে কয়েকটি সাজানো দৃশ্য কীভাবে একটি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার হাতিয়ার হয়ে উঠতে পারে, ঢাকার এই ঘটনা তারই নতুন উদাহরণ।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

