Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

এভারেস্টের পথে ভয়াবহ দুর্ঘটনা, মাঝ আকাশে সংঘর্ষ দুই হেলিকপ্টারের, মৃত ভারতীয় পর্যটক

0 66,477

শ্রীতমা ব্যানার্জী :স্বপ্নের এভারেস্ট দর্শন মুহূর্তে পরিণত হল মৃত্যুফাঁদে। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পের পথে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল নেপাল। মঙ্গলবার সকালে সোলুখুম্বু জেলার ফেরিচে এলাকায় অবতরণের সময় পরস্পরের সঙ্গে ধাক্কা লাগে দুটি হেলিকপ্টারের। সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে ৪৭ বছর বয়সি এক ভারতীয় পর্যটকের। আহত হয়েছেন আরও কয়েকজন।নেপাল পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার স্থানীয় সময় সকাল প্রায় ৮টা ১১ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ফিশটেল এয়ার এবং এয়ার ডাইনাস্টি পরিচালিত দুটি হেলিকপ্টার ফেরিচের একটি হেলিপ্যাডে অবতরণের সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলটি খুম্বু পাসাং লহামু গ্রামীণ পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত।মৃত ভারতীয় পর্যটকের নাম বসন্ত কুমার বালারামারামাডু। তিনি ফিশটেল এয়ারের হেলিকপ্টারে ছিলেন। একই হেলিকপ্টারে থাকা ৪৯ বছর বয়সি শৈলেশ কৃষ্ণ প্যাটেলও দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের বাসিন্দা। তাঁকে উদ্ধার করে হেলিকপ্টারে কাঠমান্ডুর মেডিসিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।দুর্ঘটনায় আহত হয়েছেন দুই নেপালি পাইলট রবীন্দ্র প্রজাপতি এবং প্রজ্বল কে সি। তাঁদেরও উন্নত চিকিৎসার জন্য কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হয়েছে। মৃত পর্যটকের দেহ উদ্ধার করে লুকলার একটি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।কাঠমান্ডু থেকে প্রায় ১৫০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত ফেরিচে। মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পে যাওয়ার জনপ্রিয় ট্রেকিং রুটের গুরুত্বপূর্ণ একটি জায়গা এটি। পর্বতারোহী ও পর্যটকদের যাতায়াতের জন্য এই এলাকায় নিয়মিত হেলিকপ্টার পরিষেবা ব্যবহার করা হয়।কীভাবে দুটি হেলিকপ্টার একে অপরের সঙ্গে ধাক্কা খেল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে নেপাল পুলিশ। দুর্ঘটনার সময় দুটি হেলিকপ্টারে মোট কতজন যাত্রী ছিলেন, সেই তথ্যও এখনও নিশ্চিত করা যায়নি।এভারেস্টের সৌন্দর্য দেখতে গিয়ে এমন মর্মান্তিক পরিণতি স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলে দিচ্ছে নেপালের পাহাড়ি অঞ্চলে হেলিকপ্টার চলাচলের নিরাপত্তা নিয়ে। তদন্তের রিপোর্টেই স্পষ্ট হবে, এই দুর্ঘটনার নেপথ্যে যান্ত্রিক ত্রুটি, যোগাযোগের সমস্যা নাকি অন্য কোনও কারণ ছিল।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper