Khabor Ekhon
জলদস্যুদের ডেরায় ভারতের সার্জিক্যাল স্ট্রাইক,২০ নাবিক উদ্ধার, ভারতের প্রশংসায় ইরান
রাজনন্দিনী ঘোষ : নয়াদিল্লি: উত্তাল সমুদ্রে জলদস্যুদের দাপট রুখে ফের একবার আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সক্ষমতার পরিচয় দিল ভারতীয় সশস্ত্র বাহিনী। আরব সাগরে জলদস্যুদের কবলে থাকা ইরানের মাছ ধরার জাহাজ ‘আজিনি’ থেকে ২০ জন নাবিককে নিরাপদে উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী। এই সফল অভিযানের পরই ভারত সরকার, নৌবাহিনী এবং বায়ুসেনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে ইরান।মঙ্গলবার নয়াদিল্লিতে অবস্থিত ইরানের দূতাবাসের তরফে এই কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহস, পেশাদারিত্ব এবং সমন্বয়ের ভূয়সী প্রশংসা করেছে দূতাবাস। তাদের বক্তব্য, দেশের সীমানার বাইরেও বিপন্ন মানুষের জীবন রক্ষায় ভারতের এই উদ্যোগ মানবিক দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত।ঘটনার সূত্রপাত গত ২৯ অক্টোবর। উত্তর-পূর্ব সোমালিয়ার উপকূলের কাছে সশস্ত্র জলদস্যুরা ‘আজিনি’ নামের ইরানের মাছ ধরার জাহাজটি ছিনতাই করে। জাহাজে থাকা ২০ জন নাবিক কার্যত জলদস্যুদের বন্দি হয়ে পড়েন। খবর পেয়েই পরিস্থিতির মোকাবিলায় অভিযানে নামে ভারতীয় নৌবাহিনী।মুম্বই থেকে প্রায় ৩ হাজার কিলোমিটারেরও বেশি দূরে আরব সাগরে শুরু হয় এই অভিযান। টানা ৪৮ ঘণ্টার নজরদারি ও পরিকল্পনার পর ২ নভেম্বর জাহাজটির অবস্থান শনাক্ত করে ভারতীয় বাহিনী। অভিযানে অংশ নেয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ, নজরদারি বিমান এবং মেরিন কমান্ডোরা। ভারতীয় বায়ুসেনার সি-১৭ বিমানের সাহায্যে নির্দিষ্ট কৌশলে কমান্ডোদের জাহাজে নামানো হয়। শেষ পর্যন্ত জলদস্যুদের নিয়ন্ত্রণ থেকে জাহাজটি মুক্ত করে ২০ জন নাবিককেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। এই অভিযানে কোনও প্রাণহানি বা আহত হওয়ার খবর নেই।প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতীয় নৌবাহিনীর এই সাফল্যের প্রশংসা করেছেন। তাঁর বক্তব্য, নৌবাহিনী ও বায়ুসেনার সময়োপযোগী সহযোগিতা এবং নিখুঁত সমন্বয়ই এই কঠিন অভিযানকে সফল করেছে। ভারত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা বজায় রাখতে ভারতের প্রস্তুতি ও দৃঢ় সংকল্পও এই অভিযানের মধ্য দিয়ে আরও একবার স্পষ্ট হয়েছে।ইরানের দূতাবাসের মতে, এই উদ্ধার অভিযান শুধু একটি সামরিক সাফল্য নয়, ভারত ও ইরানের দীর্ঘদিনের বন্ধুত্ব, সংহতি এবং পারস্পরিক সহযোগিতারও প্রতিফলন। সমুদ্রের বিপদসঙ্কুল পরিস্থিতিতে ২০টি প্রাণকে নিরাপদে ফিরিয়ে আনার এই উদ্যোগে দুই দেশের সম্পর্কের মানবিক দিকটিও নতুন করে সামনে এল।সমুদ্রপথে জলদস্যুদের হুমকি এখনও আন্তর্জাতিক বাণিজ্য ও নাবিকদের নিরাপত্তার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। সেই পরিস্থিতিতে হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে বিপন্ন নাবিকদের উদ্ধার করে ভারতীয় বাহিনী বুঝিয়ে দিল, সমুদ্রের নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালনে পিছপা নয় নয়াদিল্লি।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

