Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ইডেন পার্কে শেষবার রো-কো শো ঘিরে চড়ছে পারদ

0 66,570

ওয়েব ডেস্ক : ১২৬ বছরের সুপ্রাচীন ঐতিহ্যবাহী ইডেন পার্কের ঘাস সাক্ষী থেকেছে বিশ্ব ক্রীড়াজগতের অজস্র স্মরণীয় ইতিহাসের। রাগবির রক্তগরম লড়াই পেরিয়ে শীতের বিদায়লগ্নে নিউজিল্যান্ডের ন্যাশনাল স্টেডিয়ামে এখন ক্রিকেটের মরসুম। আর সেই মঞ্চেই আজ, বুধবার শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজ। তবে সাধারণ কোনও দ্বিপাক্ষিক সিরিজ নয়, অকল্যান্ডের আবহাওয়ায় এখন তীব্র উন্মাদনার ঝড় তুলেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। কিউইদের দেশে এই হয়তো শেষবার খেলতে দেখা যাবে এই দুই মহাতারকাকে। প্রবাসীদের প্রবল চাহিদায় প্রায় পঞ্চাশ হাজার দর্শকাসন বিশিষ্ট ইডেন পার্কের প্রতিটি টিকিট কার্যত নিঃশেষ। গোটা দেশে এখন একটাই নাম ভাসছে,’রো-কো শো’। অকল্যান্ড পেরিয়ে ওয়েলিংটন, ক্রাইস্টচার্চ এবং মাউন্ট মাউনগানুইয়ের শেষ দুটি ম্যাচের টিকিটও ইতিমধ্যেই হাতছাড়া।মাঠের পরিসংখ্যান অবশ্য ভারতীয় শিবিরের জন্য খুব স্বস্তিদায়ক নয়। এই মাঠে এর আগে ভারত ১১টি একদিনের ম্যাচ খেলে জিতেছে মাত্র ৪টিতে, হেরেছে ৬টিতে এবং ১টি ম্যাচ টাই হয়। শেষবার ২০২২ সালের নভেম্বরে এই ইডেন পার্কে নেমে ভারতীয় দল হেরেছিল ৭ উইকেটে। তাই শেষবার খেলতে নেমে সেই অতীত হিসাব বদলে দেওয়াই রোহিত ও বিরাটের সামনে অন্যতম কঠিন পরীক্ষা। উল্টোদিকে চোটের কারণে রাচিন রবীন্দ্র ও মার্ক চ্যাপম্যান ছিটকে যাওয়ায় বেশ চাপে কিউই দল। কোচ রব ওয়াল্টার তাদের অভাব অনুভব করার কথা স্বীকার করেছেন। টি-টোয়েন্টি সিরিজ হারের ধাক্কা এবং অতি জঘন্য ফিল্ডিং,বিশেষ করে আগের সিরিজ মিলিয়ে ১৪টি ক্যাচ ফেলার খেসারত দিতে হচ্ছে মিচেল স্যান্টনারদের। নিজেদের চেনা ডেরায় এবার কিউইদের কিছুটা নড়বড়ে দেখাচ্ছে।এই আবহে সমস্ত আলো কেড়ে নিয়েছেন রোহিত ও বিরাট। প্রাক্তন ক্রিকেটার চেতেশ্বর পুজারার মতে, উইকেটে সেট হওয়ার বাড়তি সুযোগ থাকায় তিন নম্বরে নেমে কোহলির শতরান করার সম্ভাবনা রোহিতের চেয়েও বেশি। ওপেনিংয়ে নেমে রোহিতের ভূমিকা অবশ্য আগ্রাসী শুরু দেওয়া। নেটে দু’জনকেই অত্যন্ত আত্মবিশ্বাসী মেজাজে দেখা গিয়েছে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু’জনের পারফরম্যান্সের পর আর কোনও সমালোচনা ধোপে টেকে না। জাতীয় নির্বাচকমণ্ডলীর প্রধান পদে প্রজ্ঞান ওঝা বসার পর রোহিতের ওপর মানসিক চাপ অনেকটাই হাল্কা হয়েছে। অজিত আগারকরদের আমলে বারবার চাপে পড়লেও রোহিত স্পষ্ট জানিয়েছেন ২০২৭ সালের বিশ্বকাপ খেলাই তাঁর পাখির চোখ। তরুণ অধিনায়ক শুভমন গিল অত্যন্ত পরিণত হাতে দল সামলাচ্ছেন এবং অধিনায়ক হিসেবে তাঁর ব্যাটিং রেকর্ডও যথেষ্ট ঈর্ষণীয়। ভারতীয় টিম ম্যানেজমেন্ট এই গোটা সিরিজটিকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখলেও ক্রিকেটপ্রেমীদের নজর আজ আটকে কেবল ‘রো-কো’ জুটির ব্যাটের জাদুতেই।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper