Khabor Ekhon
স্কোয়াশে ভারতের নতুন গর্ব, চেক ওপেনের মুকুট উঠল ভেলাভানের মাথায়
সঞ্জয় মিত্র : প্রতিপক্ষের র্যাকেট থেকে বল ছুটে আসছে দ্রুত গতিতে। কোর্টের চার দেওয়ালের মধ্যে চলছে স্নায়ুর লড়াই। আর সেই লড়াইয়েই শেষ হাসি হাসলেন ভারতের ভেলাভান সেন্টিলকুমার। দুরন্ত পারফরম্যান্সের সুবাদে চেক ওপেন স্কোয়াশ প্রতিযোগিতার খেতাব জিতে নিলেন ২৮ বছরের এই ভারতীয় তারকা।চেক প্রজাতন্ত্রের ব্রনো শহরে আয়োজিত ৩৫ হাজার মার্কিন ডলারের পিএসএ চেক ওপেনের ফাইনালে ভেলাভানের সামনে ছিলেন প্রতিযোগিতার শীর্ষ বাছাই স্কটল্যান্ডের গ্রেগ লোবান। বিশ্ব ক্রমতালিকায় ৩১ নম্বরে থাকা লোবানকে চার গেমের লড়াইয়ে পরাস্ত করেন বিশ্ব ক্রমতালিকায় ৪২ নম্বরে থাকা ভারতীয় খেলোয়াড়। ফাইনালে ম্যাচের ফল ১৩-১১, ১১-৫, ৮-১১, ১১-৭।শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন ভেলাভান। প্রথম গেমে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত স্নায়ুর চাপ সামলে এগিয়ে যান তিনি। দ্বিতীয় গেমেও প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতেই দেননি। তৃতীয় গেমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন লোবান। কিন্তু চতুর্থ গেমে ফের নিজের ছন্দ ফিরে পেয়ে ম্যাচের রাশ নিজের হাতে তুলে নেন ভারতীয় তারকা।এই জয় ভেলাভানের কেরিয়ারে বিশেষ তাৎপর্য বহন করছে। এটি তাঁর দ্বাদশ পিএসএ ট্যুর খেতাব। পাশাপাশি দ্বিতীয়বারের মতো পিএসএ কপার স্তরের শিরোপা জয়ের স্বাদ পেলেন তিনি। এর আগে আগস্ট মাসে বুদাপেস্ট ওপেনেও চ্যাম্পিয়ন হয়েছিলেন ভেলাভান।আন্তর্জাতিক স্কোয়াশের মঞ্চে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে নিজের অবস্থান আরও শক্ত করছেন এই ভারতীয় খেলোয়াড়। তাঁর এই জয় নিঃসন্দেহে দেশের স্কোয়াশ মহলেও নতুন করে আত্মবিশ্বাস জোগাবে।কোর্টের লড়াইয়ে প্রতিপক্ষকে হারিয়ে ভেলাভান বুঝিয়ে দিলেন, ভারতীয় স্কোয়াশের ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

