Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

আজকের সাফল্যের বীজ বুনেছিলেন তাঁরাই, মহিলা ক্রিকেটের প্রথম একাদশকে স্মরণ

0 88,681

সঞ্জয় মিত্র – একটা সময় ছিল, ক্রিকেট মানেই পুরুষদের খেলা। বাইশ গজে ব্যাট-বলের লড়াইয়ে মহিলাদের উপস্থিতি তখনও সমাজের বড় অংশের কাছে ছিল বিস্ময়ের বিষয়। মেয়েরা ক্রিকেট খেলবে, হাতে তুলে নেবে শক্ত চামড়ার বল, ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড়িয়ে অনুশীলন করবে, এই ভাবনাটুকুও সহজে মেনে নিতে পারেনি সমাজ। কিন্তু সময়ের অপেক্ষা না করে কয়েকজন নারী নিজেরাই সময় বদলানোর লড়াইয়ে নেমেছিলেন। আজ থেকে ঠিক পঞ্চাশ বছর আগে, ১৯৭৬ সালের ৩১ অক্টোবর, সেই লড়াই পেল আন্তর্জাতিক স্বীকৃতির এক ঐতিহাসিক মঞ্চ।বেঙ্গালুরুর তৎকালীন কেএসসিএ স্টেডিয়াম, আজকের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথমবারের মতো মহিলাদের টেস্ট ক্রিকেটে মাঠে নামল ভারত। সামনে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ। ভারতীয় দলের নেতৃত্বে শান্তা রঙ্গস্বামী, ক্যারিবিয়ান দলের অধিনায়ক লুইস ব্রাউন। এগারো জন ভারতীয় ক্রিকেটারের কাছে সেটি শুধুই একটি ম্যাচ ছিল না, ছিল বহুদিনের স্বপ্ন, লড়াই আর আত্মপ্রতিষ্ঠার পরীক্ষা। প্রথম ম্যাচেই নজর কাড়লেন মাত্র ১৭ বছরের শৃঙ্খলা ও প্রতিভার মিশেল শুভাঙ্গী কুলকার্নি। অভিষেক টেস্টেই তাঁর লেগ স্পিনে দিশেহারা হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ৪৮ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন তিনি। ম্যাচে তাঁর সংগ্রহ দাঁড়ায় সাত উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম পরীক্ষাতেই নিজের জাত চিনিয়ে দিয়েছিলেন এই তরুণী।

ভারতের প্রথম মহিলা টেস্ট দলের অধিনায়ক শান্তা রঙ্গস্বামী

অন্যদিকে অধিনায়ক শান্তা রঙ্গস্বামী ব্যাট হাতে খেলেছিলেন ৭৪ রানের দুরন্ত ইনিংস। ভারত প্রথম ইনিংসে ২৬৯ রানে ছয় উইকেট হারিয়ে ডিক্লেয়ার করে। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হলেও ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাসে দিনটি অমর হয়ে রইল। তবে এই ইতিহাস তৈরি করা মোটেও সহজ ছিল না। আজকের মতো উন্নত পরিকাঠামো, পেশাদার চুক্তি, স্পনসর কিংবা আর্থিক নিরাপত্তা তখন ছিল না। ক্রিকেট খেলার জন্য পরিবারের অনুমতি পাওয়াই ছিল অনেক মেয়ের কাছে প্রথম লড়াই। শক্ত বলের আঘাতে চোট লাগতে পারে, রোদে খেললে গায়ের রং কালো হয়ে যাবে, এমন নানা আপত্তি শুনতে হত তাঁদের। অনুশীলনের জন্য মাঠ পাওয়া থেকে শুরু করে প্রতিযোগিতায় অংশ নিতে যাতায়াতের খরচ, সবকিছুতেই ছিল অনিশ্চয়তা।অনেক সময় নিজেদের পকেটের টাকা খরচ করে রেলযাত্রা করতে হয়েছে। কখনও সাধারণ কামরায়, কখনও ডরমিটরিতে রাত কাটিয়ে পরের দিনের ম্যাচে নামতে হয়েছে। অথচ তাঁদের চোখে ছিল একটাই স্বপ্ন, ভারতীয় মহিলা ক্রিকেটকে একটা পরিচয় দেওয়া। সেই স্বপ্নের সবচেয়ে বড় সাফল্য এসেছিল পাটনায়। ১৯৭৬ সালের ঐতিহাসিক সিরিজের চতুর্থ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় ভারতীয় মহিলা দল। শুভাঙ্গী কুলকার্নি আবারও বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেন। গোটা সিরিজে তাঁর ঝুলিতে জমা পড়ে ২৩টি উইকেট। পাটনার মাঠে প্রায় ৩০ হাজার দর্শকের উচ্ছ্বাস বুঝিয়ে দিয়েছিল, মহিলা ক্রিকেটকে ঘিরেও মানুষের আগ্রহ তৈরি হচ্ছে।পঞ্চাশ বছর পর আজ ছবিটা সম্পূর্ণ বদলে গিয়েছে। স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌর, শেফালি বর্মা, জেমাইমা রডরিগেজদের খেলা দেখতে স্টেডিয়ামে ভিড় জমে। মহিলা প্রিমিয়ার লিগ, কেন্দ্রীয় চুক্তি, সমান ম্যাচ ফি এবং আন্তর্জাতিক সাফল্য ভারতীয় মহিলা ক্রিকেটকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। কিন্তু এই সাফল্যের ভিত একদিনে তৈরি হয়নি। তার নেপথ্যে রয়েছে সেই অগ্রদূতদের ঘাম, পরিশ্রম, আত্মত্যাগ এবং অসম্ভবকে সম্ভব করার জেদ। ১৯৭৩ সালে মহিলা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া গঠনের মধ্য দিয়ে যে সংগঠিত যাত্রা শুরু হয়েছিল, ২০০৬ সালে তা বিসিসিআইয়ের সঙ্গে সংযুক্ত হয়। মাঝের দীর্ঘ পথটায় বহু মানুষ নিজেদের জীবন ও সময় উৎসর্গ করেছেন। আজকের প্রজন্মের ক্রিকেটাররা যে পেশাদার পরিবেশে খেলছেন, তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তাঁরাই।পঞ্চাশ বছর আগের সেই এগারো জন হয়তো জানতেন না, তাঁদের ব্যাট-বলের লড়াই একদিন কোটি কোটি ভারতীয় মেয়ের স্বপ্নের দরজা খুলে দেবে। তাঁরা শুধু ক্রিকেট খেলেননি, সমাজের চোখে চোখ রেখে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন।

“আজ মহিলা ক্রিকেটের যে আকাশছোঁয়া জনপ্রিয়তা, তার আলোয় যেন হারিয়ে না যায় সন্ধ্যা মজুমদার, শোভা পণ্ডিত, ফৌজিয়া খলিলি, সুধা শাহ, শান্তা রঙ্গস্বামী, উজ্জ্বলা নিকম, শুভাঙ্গী কুলকার্নি, সুসান ইটিচেরিয়া, ডায়ানা এডুলজি, শর্মিলা চক্রবর্তী এবং বেহরোজ এডুলজির নাম। ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাসে প্রথম প্রদীপটি জ্বালিয়েছিলেন তাঁরাই।”

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper