AB Live News
রেজিনগরে ভোটের সকালেই তুলকালাম, আটক হুমায়ুন কবীর
শ্রীতমা ব্যানার্জী :: রেজিনগর উপনির্বাচনের সকালেই উত্তপ্ত মুর্শিদাবাদ। ভোটগ্রহণ শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের হাতে আটক হলেন আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর। মঙ্গলবার সকালে সপরিবারে ভোট দেওয়ার পর থেকেই পুলিশের বিরুদ্ধে সরব ছিলেন তিনি। একের পর এক মন্তব্যে পুলিশকে নিশানা করার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত রেজিনগরের দলীয় কার্যালয় থেকে তাঁকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।সকাল থেকেই হুমায়ুনের অভিযোগ ছিল, তাঁর বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। ভোট দিতে যাওয়ার সময়ও পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ভোট দিয়ে বেরিয়ে বুথের বাইরেও পুলিশের বিরুদ্ধে মন্তব্য করেন আম জনতা উন্নয়ন পার্টির নেতা। এমনকি পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তিনি।এরপর রেজিনগরের দলীয় কার্যালয়ে পৌঁছয় পুলিশ। সেখানেই শুরু হয় বাগ্বিতণ্ডা। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ধস্তাধস্তির পর্যায়ে পৌঁছয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, শেষ পর্যন্ত পুলিশ হুমায়ুনকে ধরে গাড়িতে তুলে রেজিনগর থানায় নিয়ে যায়।ঘটনাকে ঘিরে এলাকায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। কারণ, হুমায়ুন কবীরের ছেড়ে দেওয়া রেজিনগর আসনেই এ দিন উপনির্বাচন হচ্ছে। তাঁর দল আম জনতা উন্নয়ন পার্টি এই কেন্দ্রে প্রার্থী করেছে তাঁর ছেলে গোলাম নবি আজাদকে। ফলে ভোটের দিনেই দলের শীর্ষ নেতাকে আটক করার ঘটনা নির্বাচনী আবহে নতুন মাত্রা যোগ করেছে।রেজিনগরে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আম জনতা উন্নয়ন পার্টির পাশাপাশি বিজেপি, তৃণমূল, কংগ্রেস, বাম এবং একাধিক নির্দল প্রার্থী রয়েছেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এই আসনে হুমায়ুন কবীর বড় ব্যবধানে জয় পেয়েছিলেন। পরে নওদা আসনটি ধরে রাখায় রেজিনগর আসনটি খালি হয় এবং সেখানে উপনির্বাচনের প্রয়োজন হয়।ভোটের দিন সকালেই এমন ঘটনা ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, দিনের বাকি সময়ে পরিস্থিতি কোন দিকে গড়ায়। ইতিমধ্যেই রেজিনগরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোটগ্রহণ ঘিরে প্রশাসনের নজর এখন পুরোপুরি এই হাইভোল্টেজ কেন্দ্রের দিকে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

