AB Live News
দক্ষিণেশ্বরের পুজো শেষ, বাড়ি ফেরা আর হল না, বালিতে নিভল একটি প্রাণ
শ্রীতমা ব্যানার্জী : বেড়াতে এসে ফিরছিলেন বাড়ির পথে। সঙ্গে ছিলেন আরও চারজন। বুধবার দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে বালি স্টেশন থেকে হাওড়াগামী লোকাল ধরার অপেক্ষা করছিলেন তাঁরা। কিন্তু সেই ফেরার পথেই নেমে এল ভয়াবহ বিপর্যয়। বৃষ্টি পড়ছিল, স্টেশনে ছিল ভিড়। ট্রেনে ওঠার সময় আচমকাই পা পিছলে প্ল্যাটফর্ম ও চলন্ত ট্রেনের মাঝের ফাঁকে পড়ে যান তিন যাত্রী। চোখের সামনে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাস্থলেই প্রাণ হারান পশ্চিম বর্ধমানের বাসিন্দা সুধাংশু কুমার। গুরুতর আহত হন নরেশচন্দ্র গড়াই ও সুকুমার রাম। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।একসঙ্গে বেরিয়েছিলেন কয়েকজন। ছিল পুজো দেওয়ার আনন্দ, ছিল নিরাপদে বাড়ি ফেরার অপেক্ষা। অথচ কয়েক সেকেন্ডের অসতর্কতায় সেই আনন্দের যাত্রাই পরিণত হল শোকে।প্রত্যক্ষদর্শীর বর্ণনায় উঠে এসেছে সেই ভয়াবহ মুহূর্ত—বৃষ্টি, ভিড় আর ট্রেনে ওঠার তাড়াহুড়োর মধ্যে হঠাৎই পা পিছলে পড়ে যান তিনজন।বালি স্টেশনের এই দুর্ঘটনা ফের মনে করিয়ে দিল, রেলস্টেশনে ট্রেনে ওঠানামার সামান্য অসতর্কতাও কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে। একজন আর বাড়ি ফিরলেন না। আর দু’টি পরিবার এখন হাসপাতালের দরজায় প্রিয়জনের সুস্থ হয়ে ফেরার অপেক্ষায়।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

