Khabor Ekhon
অডিও বিতর্কে বহরমপুর থানায় হাজিরা হুমায়ুন কবীরের
শিবনাথ দাস:বিতর্কিত অডিও টেপ ফাঁসের ঘটনায় রাজনৈতিক উত্তেজনার পারদ চড়িয়ে বহরমপুর থানায় হাজিরা দিলেন নওদার বিধায়ক হুমায়ুন কবীর। নির্দিষ্ট সময়ের কিছুটা আগেই তিনি থানায় পৌঁছে যান। হাজিরা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ ও বর্তমান রাজ্য প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। এমনকি তাঁকে যে কোনও মুহূর্তে গ্রেপ্তার করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন বিধায়ক। রাজ্যের মসনদে রাজনৈতিক পরিবর্তনের পর এটিই তাঁর বিরুদ্ধে বড় ধরনের পুলিশি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।এদিন সকাল এগারোটায় তাঁকে বহরমপুর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। হুমায়ুন থানায় ঢোকার মুখে পুরনো এক ঘটনার প্রসঙ্গ টেনে আনেন। তিনি অভিযোগ করেন, অতীতে তাঁর বেয়াইকে সম্পূর্ণ মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল এবং সেই চক্রান্তে তিন জন পুলিশ আধিকারিক সরাসরি যুক্ত ছিলেন। তাঁর দাবি, সেই সময়ে আদালতে ওই অফিসারদের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল। আজ সেই অফিসাররাই নতুন বিজেপি সরকারকে তুষ্ট করতে তাঁর বিরুদ্ধে অতিসক্রিয় হয়ে উঠেছেন এবং তাঁকে তলব করেছেন। হুমায়ুন দাবি করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর দলের নেতাকর্মীদের একের পর এক গ্রেপ্তার করছে পুলিশ প্রশাসন। তিনি বলেন, প্রশাসন এখন সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করছে। তারা চাইলে যে কোনও মুহূর্তে আমাকেও মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করতে পারে।সম্প্রতি সমাজমাধ্যমে হুমায়ুনের একটি কথোপকথনের অডিও দ্রুত ছড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে, তিনি ফোনে অপর এক ব্যক্তির সঙ্গে অত্যন্ত উস্কানিমূলক কথা বলেছেন। সেই অভিযোগের ভিত্তিতে বহরমপুর থানায় তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়। উপনির্বাচনের মুখে তাঁর দলের নেতাকর্মীদের বেছে বেছে নিশানা করা হচ্ছে বলে অভিযোগ আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতার। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত রেজিনগর এবং শক্তিপুর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে মঞ্জুর রহমান ওরফে লেবু, হক মল্লিক, আব্দুল আলিম এবং মহম্মদ নাসিম শেখকে গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে অনেকেই দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। সোমবারও দলের আরও এক কর্মীকে পুলিশ আটক করেছে বলে জানা গিয়েছে। পুলিশের এই সাঁড়াশি অভিযানের প্রেক্ষিতে রবিবারই বড়সড় রাজনৈতিক সিদ্ধান্তের কথা জানান হুমায়ুন কবীর। তিনি সাফ জানিয়ে দেন, আসন্ন উপনির্বাচনে তিনি বা তাঁর দলের প্রার্থী গোলাম নবী আজাদ আর কোনও প্রকাশ্য প্রচার চালাবেন না। তিনি অভিযোগ করেন, প্রশাসন সম্পূর্ণ অগণতান্ত্রিক পথে চলছে এবং বিরোধী স্বরকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে। এর প্রতিবাদেই তাঁরা মাঠের প্রচার থেকে সরে দাঁড়িয়ে কেবল সমাজমাধ্যমের পাতায় প্রচার সীমাবদ্ধ রাখবেন।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

