Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

মুম্বইয়ে প্রয়াত প্রবীণ অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়  

0 4,575

ইন্দ্রাণী ঘোষ : বাংলা ও হিন্দি চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় এবং উজ্জ্বল ব্যক্তিত্ব, প্রবীণ অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায় আর নেই। সোমবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরে দুরারোগ্য কর্কটরোগের সঙ্গে লড়াই করছিলেন এই অভিনেত্রী। অবশেষে সব লড়াইয়ের অবসান ঘটিয়ে চিরতরে লোকচক্ষুর অন্তরালে চলে গেলেন রূপালি পর্দার এই বিশেষ মুখ। তাঁর প্রয়াণে চলচ্চিত্র মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সাতের দশকে বাঙালি দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন মিঠু মুখোপাধ্যায়। অসামান্য রূপলাবণ্য, চটপটে ব্যক্তিত্ব আর সাবলীল অভিনয়ের গুণে তৎকালীন চিত্রপ্রেমীদের নজর কেড়েছিলেন তিনি।

সেই সময় অনেকেই তাঁকে ভালোবেসে ‘কলকাতার রেখা’ বলেও অভিহিত করতেন। পরিচালক চিত্ত বসুর ‘শেষ পর্ব’ (১৯৭১) চলচ্চিত্রের মাধ্যমে রুপোলি পর্দায় তাঁর আত্মপ্রকাশ ঘটে। তবে অরবিন্দ মুখোপাধ্যায়ের বিখ্যাত হাস্যরসাত্মক ছবি ‘মৌচাক’-এ উত্তম কুমারের বিপরীতে তাঁর অনবদ্য অভিনয় তাঁকে রাতারাতি বিপুল জনপ্রিয়তা এনে দেয়। এরপর ‘স্বয়ংসিদ্ধা’, ‘মার্জিনা আবদুল্লা’, ‘হোটেল স্নোফক্স’-এর মতো একাধিক সফল ও স্মরণীয় বাংলা ছবিতে প্রধান চরিত্রে নিজের প্রতিভার ছাপ রাখেন তিনি।শুধু বাংলা সিনেমাতেই নয়, বলিপাড়াতেও তাঁর অভিনয় ভূয়সী প্রশংসা কুড়িয়েছিল। বাসু চট্টোপাধ্যায়ের ‘চিতচোর’ ছবিতে অমল পালেকারের বিপরীতে তাঁর অভিনয় সর্বভারতীয় স্তরে বিপুল সাড়া ফেলে। এছাড়াও ‘সফেদ ঝুট’, ‘দিল্লাগি’-সহ বেশ কয়েকটি জনপ্রিয় হিন্দি চলচ্চিত্রে তিনি কাজ করেছিলেন।কেরিয়ারের শীর্ষে থাকাকালীনই আচমকা বিনোদন জগত থেকে নিজেকে গুটিয়ে নেন মিঠু মুখোপাধ্যায়। পরবর্তী জীবনে তিনি পুরোপুরি প্রচারের আলো ও ক্যামেরার আড়ালেই কাটিয়েছেন। জীবনের শেষ অধ্যায়েও কোনও প্রকাশ্য উপস্থিতি ছিল না তাঁর। দীর্ঘ সময় ধরে অসুস্থ থাকার পর এদিন মুম্বইয়ের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর জীবনাবসান হল। তাঁর প্রয়াণে বাংলা চলচ্চিত্রের একটি স্বর্ণালি অধ্যায়ের অবসান হল। শোকপ্রকাশ করেছেন অনুরাগী ও চলচ্চিত্র জগতের বিশিষ্টজনেরা।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper