Khabor Ekhon
তৃণমূল থেকে ‘স্বচ্ছ’ মুখ চাই, পুরভোটের আগে কংগ্রেসের দরজা খোলা
হরেকৃষ্ণ মন্ডল :পুরসভা নির্বাচন এখনও ঘোষণা হয়নি। তার আগেই সংগঠনকে মজবুত করার কাজে জোর দিয়েছে কংগ্রেস। নতুন ওয়ার্ড বিন্যাস এবং আসন সংরক্ষণের তালিকা প্রকাশের পর ধূপগুড়ি পুরসভা এলাকায় রাজনৈতিক দলগুলির তৎপরতা বেড়েছে। সেই আবহেই তৃণমূলের ‘স্বচ্ছ ভাবমূর্তির’ নেতা-কর্মীদের নিজেদের দলে আসার আহ্বান জানাল কংগ্রেস।রবিবার ধূপগুড়ি শহরের থানা রোডে কংগ্রেস কার্যালয়ে সাংগঠনিক বৈঠক হয়। সেখানে পুরভোটকে সামনে রেখে ওয়ার্ডভিত্তিক সংগঠন মজবুত করা, বুথস্তরে কর্মীদের সক্রিয় করা এবং নতুন কর্মী-সমর্থকদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।কংগ্রেসের দাবি, দীর্ঘদিন ধরে তৃণমূলে নিষ্ক্রিয় হয়ে থাকা বা সংগঠনে যথাযথ ভূমিকা পালন করতে না-পারা নেতা-কর্মীদের একাংশকে দলে আনার পরিকল্পনা রয়েছে। তবে দুর্নীতির অভিযোগ রয়েছে এমন নেতা-কর্মীদের দলে নেওয়া হবে না—এমন অবস্থানও স্পষ্ট করেছে দলটি।প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি নির্মল ঘোষ দস্তিদার বলেন, ভাল ও স্বচ্ছ ভাবমূর্তির তৃণমূল নেতা-কর্মীদের কংগ্রেসে স্বাগত জানানো হবে। তাঁর বক্তব্য, আগামী পুরসভা নির্বাচনে দল একক ভাবে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। বৈঠকে উপস্থিত ছিলেন ধূপগুড়ি টাউন ব্লক কংগ্রেস সভাপতি বাবু পাল, গত বিধানসভা নির্বাচনের কংগ্রেস প্রার্থী হরিশচন্দ্র রায়-সহ স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা। কয়েকটি ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের নিয়েও আলোচনা শুরু হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।পুরভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই বুথস্তর পর্যন্ত সংগঠনকে সক্রিয় করার এই উদ্যোগে ধূপগুড়ির রাজনৈতিক সমীকরণে নতুন কোনও পরিবর্তন আসে কি না, সে দিকে নজর থাকবে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

